মো: জাহিদুল ইসলাম,
ডিমলা (নীলফামারী) প্রতিনিধি।
"ঘর থেকে শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি" এই প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারীর ডিমলায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৬" উদযাপন উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও দুর্যোগ বিষয়ক অগ্নিকাণ্ড মহড়া অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার ১৩ অক্টোবর উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও অগ্নিকাণ্ড মহড়া অনুষ্ঠিত হয়। কর্মসূচির অংশ হিসেবে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা অগ্নিনির্বাপণ ও দুর্যোগ মোকাবিলা বিষয়ক মহড়া প্রদর্শন করেন। মহড়ায় আগুন লাগলে কীভাবে দ্রুত ও নিরাপদে আগুন নিয়ন্ত্রণ করতে হয়, অগ্নিনির্বাপক যন্ত্রের ব্যবহার এবং আগুনের ঝুঁকি এড়াতে করণীয় সম্পর্কে হাতে-কলমে দেখানো হয়। নিরাপদ দূরত্ব বজায় রাখা এবং পরিস্থিতি বিপজ্জনক হলে দ্রুত নিরাপদ স্থানে সরে গিয়ে ফায়ার সার্ভিসের সহায়তা নেওয়ার বিষয়ে সচেতনতা মূলক নির্দেশনা দেওয়া হয়।
সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: ইমরানুজ্জামান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক উপদেষ্টা অধ্যাপক রইসুল আলম চৌধুরী, জেলা বিএনপির সাবেক নারী সদস্য অধ্যাপিকা সেতারা সুলতানা, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা পিআইও মো: আশরাফুল ইসলাম, মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বীরেন্দ্রনাথ রায়, উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের লিডার মাধব চন্দ্র রায়, উপজেলা কৃষি কর্মকর্তা মীর হাসান আল বান্না। এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্য সহ সাংবাদিক, জনপ্রতিনিধি এবং সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।
সভায় বক্তারা বলেন, প্রাকৃতিক ও মানবসৃষ্ট দুর্যোগে জানমালের ক্ষয়ক্ষতি কমাতে আগাম প্রস্তুতি ও জনসচেতনতার বিকল্প নেই। দুর্যোগ মোকাবিলায় শুধু সরকারি উদ্যোগই যথেষ্ট নয়, স্থানীয় জনগণ ও স্বেচ্ছাসেবকদের সক্রিয় অংশগ্রহণও অত্যন্ত গুরুত্বপূর্ণ। বক্তারা আরও বলেন, দুর্যোগের ঝুঁকি কমাতে পরিবার থেকেই সচেতনতা গড়ে তুলতে হবে। বিশেষ করে শিশু, নারী, বয়স্ক ও প্রতিবন্ধী ব্যক্তিদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় প্রস্তুতি রাখা জরুরি।