
মুকুল বসু বোয়ালমারী প্রতিনিধি :
আমার জীবন দিয়ে হলেও ভোটের স্বচ্ছতা নিশ্চিত করবো। যদি কেউ ভোটাধিকার কেড়ে নেওয়ার চেষ্টা করে তা আমার কর্মীদের নিয়ে প্রতিহত করা হবে। ভোট কেন্দ্রে একটি পাখিও যদি উড়ে যায় তা আমাকে বলে যেতে হবে। সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে এমন কথা বলেন আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ফরিদপুর-১ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ফরিদপুর জেলা এনসিপির আহ্বায়ক মো. হাসিবুর রহমান অপু ঠাকুর। তিনি আরও বলেন সাংবাদিকরাই আমার অভিভাবক। আমার কোনো রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড নেই এবং অতীতে আমার পরিবারে কেউ রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন না। সাংবাদিকরা সমাজের দর্পণ হিসেবে কাজ করেন। তাদের সৎ ও বস্তুনিষ্ঠ লেখনীর মাধ্যমেই জনগণের বাস্তব চিত্র তুলে ধরা সম্ভব হয়। ফরিদপুর-১ আসনের মানুষ দীর্ঘদিন ধরে উন্নয়ন বঞ্চিত। শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ও কর্মসংস্থানের মতো মৌলিক খাতে কাঙ্ক্ষিত অগ্রগতি হয়নি। এসব সমস্যা চিহ্নিত করে সমাধানের পথ বের করতে সাংবাদিকদের তথ্যভিত্তিক সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। জনগণের কথা জনগণের ভাষায় তুলে ধরতে সাংবাদিকদের নিরপেক্ষ ভূমিকার ওপর তিনি আস্থা রাখেন বলে জানান। রবিবার (১৮ জানুয়ারি) সন্ধ্যায় বোয়ালমারী প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয় বার্তা টাওয়ারে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বোয়ালমারী প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট কোরবান আলী, সাধারণ সম্পাদক মো. আনোয়ার হোসেন, সহসভাপতি কাজী আমিনুল ইসলাম, জাকির হোসেন, আমীর চারু বাবলু, এনকেবি নয়ন, মুকুল বসু, হাসান মাহমুদ মিলুসহ প্রেসক্লাবের অন্যান্য সাংবাদিকরা।



