বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে গ্যাস ও বিদ্যুৎ সমস্যা সহ বিভিন্ন সংকট মোকাবেলায় সরকারের তাৎক্ষনিক পদক্ষেপ সম্বলিত লিফলেট বিতরণ করেছে সিলেট জেলা ও মহানগর যুবদল। সোমবার (১৯ অক্টোবর) বিকেলে নগরীর ঐতিহাসিক কোর্ট পয়েন্ট ও এর আশপাশের ব্যস্ততম এলাকায় সাধারণ পথচারী, ব্যবসায়ী ও যানবাহনের চালকদের মাঝে এই লিফলেট বিতরণ করা হয়।
লিফলেট বিতরণকালে যুবদল নেতৃবৃন্দ বলেন, দেশের বিদ্যমান গ্যাস ও বিদ্যুৎ সংকট নিরসনে এবং সর্বস্তরের মানুষের ভোগান্তি লাঘবে সরকার আন্তরিকতার সাথে তাৎক্ষণিক ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছে। সংকট মোকাবিলায় বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধি এবং জ্বালানি সরবরাহ ব্যবস্থার উন্নয়নে নেওয়া নানা উদ্যোগের সুফল শিগগিরই জনগণ পাবেন। সরকারের এসব বাস্তবমুখী উদ্যোগ সফল করতে সচেতনতার পাশাপাশি সর্বস্তরের জনগণের সহযোগিতাও কামনা করেন তাঁরা।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ, সিলেট মহানগর যুবদলের সভাপতি মির্জা মোহাম্মদ সম্রাট হোসেন, সিলেট জেলা যুবদলের সাধারণ সম্পাদক আব্দুস সালাম টিপু, মহানগর যুবদলের সাধারণ সম্পাদক দেলওয়ার হোসেন দিনার, সিলেট জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি কয়েস আহমদ, মহানগর যুবদলের সিনিয়র সহ-সভাপতি এমদাদুল হক স্বপন, জেলা যুবদলের সহ-সভাপতি মকসুদুল করিম নুহেল, ১ম যুগ্ম সাধারণ সম্পাদক মাসরুর রাসেল, মহানগর যুবদলের ১ম যুগ্ম সাধারণ সম্পাদক তাহসিন মেহেদি প্রিন্স, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক হাবিবুল বাশার হাবিব এবং মহানগর যুবদলের সাংগঠনিক সম্পাদক হোসাইন আহমদসহ জেলা ও মহানগর যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।