
মো: জাহিদুল ইসলাম,
ডিমলা (নীলফামারী) প্রতিনিধি।
নীলফামারীর জলঢাকা উপজেলায় ‘স্কয়ার ফার্মাসিউটিক্যাল কোম্পানি’ প্রতিনিধি পরিচয়ে নকল ওষুধ বাজারজাত করার সময় মৃনাল অধিকারী নামে একজনকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার (২ মার্চ) রাতে জলঢাকা উপজেলা জিরো পয়েন্ট বাজারে মেসার্স অনিন্দ্য ফার্মেসি থেকে তাকে আটক করা হয়।
দণ্ডপ্রাপ্ত মৃনাল অধিকারী (৩১) নীলফামারী জেলার ডিমলা উপজেলা ঝুনাগাছ চাপানী ইউনিয়নের চাপানী এলাকার প্রতাপ চন্দ্র অধিকারী ছেলে। এসময় তার কাছে ‘জিম্যাক্স-৫০০’ নকল ওষুধের ৪৮টি বক্স উদ্ধার করা হয়। অভিযোগ করে বিসিডিএস জলঢাকা উপজেলা শাখা সভাপতি মাহবুবার রহমান মনি জানান, নকল ওষুধ বিক্রেতাকে হাতেনাতে ধরার পর তিনি জেলা ওষুধ প্রশাসন অধিদপ্তরের ওষুধ তত্ত্বাবধায়ক মিতা রায়কে বিষয়টি জানালে তিনি তা এড়িয়ে যান। পরবর্তীতে জলঢাকা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করলে তিনি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
ভ্রাম্যমাণ আদালত পরিচালক জলঢাকা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জায়িদ ইমরুল মোজাক্কিন জানান, অপরাধ স্বীকার করায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। পাশাপাশি স্কয়ার কোম্পানিকে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের নির্দেশ দেন আদালত। এবিষয়ে জলঢাকা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জায়িদ ইমরুল মোজাক্কিন জানান, ভেজাল ও প্রতারণামূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রশাসনের জিরো টলারেন্স নীতি রয়েছে। জনস্বাস্থ্য সুরক্ষায় নকল ও ভেজাল ওষুধের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। এসময় জলঢাকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মাহদি হাসান, জলঢাকা থানা পুলিশের সদস্য উপস্থিত ছিলেন।



