
মো: জাহিদুল ইসলাম,
ডিমলা (নীলফামারী) প্রতিনিধি।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নীলফামারী জেলার ডিমলা উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও স্থিতিশীল রাখতে উপজেলা প্রশাসন, এবং সেনাবাহিনী, পুলিশ, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও র্যাবের সমন্বয়ে নির্বাচনী নিরাপত্তায় যৌথ বাহিনীর মহড়া অনুষ্ঠিত হয়েছে। ডিমলা উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে আয়োজিত এ মহড়া বুধবার (৪ ফেব্রুয়ারি) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ডিমলা উপজেলার বিভিন্ন ইউনিয়নে পরিচালিত হয়। মহড়ার মাধ্যমে ভোটকেন্দ্রসহ গুরুত্বপূর্ণ ও জনবহুল এলাকায় নিরাপত্তা জোরদারের প্রস্তুতি ও সক্ষমতা প্রদর্শন করা হয়।
মহড়াকালে ডিমলা সদর ইউনিয়নের বিজয় চত্বর ও বাবুরহাট বাজার, নাউতারা ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা, গয়াবাড়ি ইউনিয়নের শুটিবাড়ি, খালিশা ইউনিয়নের ডালিয়া বাজার ও নতুন বাজার এবং ঝুনাগাছ চাপানি ইউনিয়নের চাপানি হাটসহ বিভিন্ন স্থানে যৌথ বাহিনীর টহল ও মহড়া লক্ষ্য করা যায়। এ সময় সম্ভাব্য ভোটকেন্দ্র, প্রধান সড়ক, হাটবাজার ও জনসমাগমস্থল পরিদর্শন করা হয়।।মহড়া চলাকালে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা স্থানীয় জনগণের সঙ্গে মতবিনিময় করেন। তারা নির্বাচনকালীন সময়ে যেকোনো ধরনের সহিংসতা, বিশৃঙ্খলা, নাশকতা কিংবা আইনবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেন। পাশাপাশি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে ও কৌশলগত স্থানে পেট্রোল টিম মোতায়েন করা হয়।
যৌথ বাহিনীর এই তৎপরতায় সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তা ও স্বস্তির অনুভূতি সৃষ্টি হয়েছে বলে জানান স্থানীয় বাসিন্দারা। তারা আশা প্রকাশ করেন, এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকলে নির্বাচন শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হবে। মহড়ায় উপস্থিত ছিলেন সহকারী রিটার্নিং কর্মকর্তা ও ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইমরানুজ্জামান, সহকারী কমিশনার (ভূমি) রওশন কবির, ডিমলা সেনা ক্যাম্পের ক্যাপ্টেন রফিক, সহকারী পুলিশ সুপার (ডোমার সার্কেল) নিয়াজ মেহেদী, ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শওকত আলী সরকার এবং বিজিবির নায়েক সুবেদার দিলীপ কুমারসহ সংশ্লিষ্ট বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা।


