
মো: জাহিদুল ইসলাম,
ডিমলা (নীলফামারী) প্রতিনিধি।
দুর্যোগে প্রস্তুতি, রক্ষা পাবে প্রাণ ও সম্পদ-এই প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারীর ডিমলা উপজেলায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১০ মার্চ) সকালে ডিমলা উপজেলা প্রশাসন ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) কার্যালয়ের উদ্যোগে দিবসটি উপলক্ষে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমরানুজ্জামান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা আব্দুল সাত্তার।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা আব্দুল সাত্তার বলেন, বাংলাদেশ একটি দুর্যোগপ্রবণ দেশ। প্রাকৃতিক দুর্যোগ যেমন বন্যা, ঘূর্ণিঝড়, অগ্নিকাণ্ডসহ নানা ধরনের দুর্যোগ প্রায়ই আমাদের মোকাবিলা করতে হয়। এসব দুর্যোগের ক্ষয়ক্ষতি কমাতে হলে আগে থেকেই প্রস্তুতি গ্রহণ করা অত্যন্ত জরুরি। তিনি বলেন, সরকারের পাশাপাশি জনগণকে সচেতন ও প্রস্তুত থাকতে হবে। দুর্যোগের সময় কীভাবে দ্রুত প্রতিক্রিয়া জানাতে হবে এবং কীভাবে নিজের ও অন্যের জীবন রক্ষা করা যায়—সেসব বিষয়ে সবাইকে অবগত থাকতে হবে। তিনি আরও বলেন, জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালনের মাধ্যমে মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টি হয় এবং দুর্যোগ মোকাবিলায় বাস্তব অভিজ্ঞতা অর্জনের সুযোগ তৈরি হয়। এ ধরনের মহড়া ও প্রশিক্ষণ কার্যক্রম মানুষের মধ্যে সাহস ও আত্মবিশ্বাস বাড়ায় এবং যেকোনো দুর্যোগ পরিস্থিতিতে দ্রুত ও কার্যকরভাবে কাজ করতে সহায়তা করে। তিনি এ ধরনের সচেতনতামূলক কর্মসূচি নিয়মিতভাবে আয়োজন করার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আশরাফুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) রওশন কবীর, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাশেদুজ্জামান, উপজেলা কৃষি কর্মকর্তা মীর হাসান আল বান্না, ডিমলা থানা অফিসার ইনচার্জ শওকত আলী সরকার, ডিমলা উপজেলা বিএনপির সাবেক সভাপতি অধ্যক্ষ মনোয়ার হোসেন, ও নীলফামারী জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য গোলাম রাব্বানী প্রধান, এবং উপজেলা জামায়াতের আমির অধ্যাপক মাওলানা মুজিবুর রহমান, উপজেলা জামায়াতের সেক্রেটারি রোকনুজ্জামান বকুল, উপজেলা নির্বাহী প্রকৌশলী সোহেল রানা সহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা। এ উপলক্ষে সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। র্যালিতে উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের প্রতিনিধি, জনপ্রতিনিধি, স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশগ্রহণ করেন।
র্যালি শেষে দুর্যোগ মোকাবেলায় জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে অগ্নিকাণ্ড বিষয়ক একটি মহড়া প্রদর্শন করা হয়। মহড়ায় অগ্নিকাণ্ডের সময় করণীয়, আগুন নেভানোর প্রাথমিক কৌশল এবং দুর্যোগকালীন দ্রুত প্রতিক্রিয়া জানাতে প্রয়োজনীয় বিভিন্ন বিষয় বাস্তবিকভাবে তুলে ধরা হয়। এতে উপস্থিত ব্যক্তিরা আগ্রহের সঙ্গে মহড়া পর্যবেক্ষণ করেন। আয়োজকরা জানান, প্রাকৃতিক ও মানবসৃষ্ট দুর্যোগের ক্ষয়ক্ষতি কমাতে এবং জনগণকে সচেতন ও প্রস্তুত রাখতে প্রতিবছর জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালন করা হয়। এ ধরনের সচেতনতামূলক কর্মসূচি মানুষের মধ্যে দুর্যোগ মোকাবেলার সক্ষমতা বৃদ্ধি করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। উপজেলা প্রশাসন সূত্রে জানানো হয়, দুর্যোগ ঝুঁকি কমাতে স্থানীয় পর্যায়ে নিয়মিত মহড়া, প্রশিক্ষণ ও সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রাখা হবে, যাতে যে কোনো দুর্যোগ পরিস্থিতিতে দ্রুত ও কার্যকরভাবে মোকাবিলা করা সম্ভব হয়।



