
মো: জাহিদুল ইসলাম,
ডিমলা (নীলফামারী) প্রতিনিধি।
নীলফামারীর ডিমলা উপজেলায় জ্বালানি সংকটকে কেন্দ্র করে চরম বিশৃঙ্খলা ও বৈষম্যের অভিযোগ উঠেছে। ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়েও সাধারণ মানুষ পেট্রোল না পেলেও পুলিশ সদস্য ও প্রভাবশালীরা নিয়ম ভেঙে জ্বালানি নিচ্ছেন বলে তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়েছে। গতকাল রবিবার বিকেলে উপজেলার আফতাব ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের মতে, দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকা সাধারণ মানুষকে উপেক্ষা করে কিছু পুলিশ সদস্য ও দাপ্তরিক কর্মচারী বিপরীত দিক দিয়ে এসে তেল নিয়ে চলে যাচ্ছেন।
ভুক্তভোগীদের অভিযোগ, পাম্পে শৃঙ্খলা বজায় রাখতে সরকারিভাবে ট্যাগ অফিসার নিয়োগ দেওয়া হলেও বাস্তবে তার কোনো কার্যকারিতা নেই। দায়িত্বপ্রাপ্ত ট্যাগ অফিসার মো. আমির বোরহানের বিরুদ্ধে দায়িত্ব অবহেলার অভিযোগ তুলেছেন স্থানীয়রা। এদিকে ডিমলা থানার এক অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটরের বিরুদ্ধে লাইনের বাইরে থেকে ১৫০০ টাকার জ্বালানি নেওয়ার বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনার সৃষ্টি করেছে। সাধারণ মানুষ যেখানে ৫০০ টাকার তেল পাচ্ছে না, সেখানে একজন দাপ্তরিক কর্মচারীর এত বিপুল পরিমাণ জ্বালানি নেওয়ার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন উঠেছে।
জ্বালানি সংকটে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন কৃষকরা। সেচ মৌসুমে সারাদিন অপেক্ষা করেও অনেকে পাম্প থেকে খালি হাতে ফিরছেন। স্থানীয়দের আশঙ্কা, দ্রুত এই অনিয়ম বন্ধ না হলে সেচ কার্যক্রম ব্যাহত হয়ে ফসল উৎপাদনে নেতিবাচক প্রভাব পড়বে। এলাকাবাসী দ্রুত নিরপেক্ষ তদন্তের মাধ্যমে জ্বালানি সরবরাহে স্বচ্ছতা ও সমতা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।



