মো: জাহিদুল ইসলাম, ডিমলা (নীলফামারী) প্রতিনিধি।
নীলফামারী জেলার ডিমলা উপজেলার ঝুনাগাছ চাপানী ইউনিয়নের মোনাকাশা বাইতুন নূর জামে মসজিদের সাবেক মুয়াজ্জিন ও ডাঙ্গাপাড়া জামে মসজিদের ইমাম আব্দুল মালেকের বিয়ের মাত্র একদিন পর তার অস্বাভাবিক মৃত্যু ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এদিকে তারা অস্বাভাবিক মৃত্যুর শোকে তার আপন মামা মারা গেছেন।
মসজিদের মতো একটি পবিত্র স্থানে তার এই মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের পাশাপাশি স্থানীয়দের মধ্যে দেখা দিয়েছে নানা প্রশ্ন ও রহস্য দেখা দিয়েছে। আব্দুল মালেক একজন ধর্মপ্রাণ ও সৎ মানুষ হিসেবে পরিচিত ছিলেন। স্থানীয় সূত্রে জানা যায়, তিনি দীর্ঘদিন ধরে ধর্মীয় দায়িত্ব পালন করে আসছিলেন। মৃত্যুর পর থেকে ঘটনাটি আত্মহত্যা বলে প্রাথমিকভাবে ধারণা করা হলেও, স্থানীয়দের মতে এর পেছনে অসংগতি রয়েছে। আব্দুল মালেকের মতো একজন মানুষের মৃত্যু কীভাবে ঘটল, তা নিয়ে জনমনে সংশয় তৈরি হয়েছে।
এলাকাবাসীর দাবি, ঘটনাস্থলের কিছু পরিস্থিতি ও আলামত নিয়ে ধোঁয়াশা রয়েছে। মৃত্যুর সময়কার পরিবেশ এবং বিভিন্ন আলামতের বিষয়ে তারা পরিষ্কার ব্যাখ্যা চান। এছাড়া মৃত্যুর স্থান ও সংশ্লিষ্ট দড়ি বা আসবাব ব্যবহারের বিষয়েও তারা নানা প্রশ্ন তুলেছেন। স্থানীয় বাসিন্দারা বলছেন, বিষয়টি কেবল আত্মহত্যা হিসেবে দেখার আগে ঘটনার প্রতিটি দিক নিরপেক্ষভাবে তদন্ত করা প্রয়োজন। তারা মনে করেন, প্রকৃত সত্য উদঘাটনে প্রত্যক্ষদর্শীদের বক্তব্য ও ঘটনার পারিপার্শ্বিকতা বিশ্লেষণ করা জরুরি।
এ বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনের কাছে এলাকাবাসীর দাবি, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করে মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটন করা হোক। যদি এটি আত্মহত্যা হয়ে থাকে, তবে তার পেছনের কারণ স্পষ্ট করা হোক। আর যদি অন্য কোনো ঘটনার সংশ্লিষ্টতা থাকে, তবে যথাযথ আইনি প্রক্রিয়ায় দোষীদের চিহ্নিত করার আহ্বান জানিয়েছেন তারা।