
মো: জাহিদুল ইসলাম,
ডিমলা (নীলফামারী) প্রতিনিধি।
নীলফামারী জেলার ডিমলা উপজেলায় সিংহারা নদীর সীমানা পিলার নির্ধারণ ও সুরক্ষার লক্ষ্যে সীমানা স্তম্ভ স্থাপন কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়েছে। সংশ্লিষ্ট পক্ষগুলো এই উদ্যোগকে নদী রক্ষা ও পরিবেশ সংরক্ষণে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছে।
বুধবার, ৮ এপ্রিল, নীলফামারীর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোহাম্মদ নায়িরুজ্জামান আনুষ্ঠানিকভাবে এই কর্মসূচির উদ্বোধন করেন। এ সময় তিনি নদী রক্ষায় প্রশাসনের কঠোর অবস্থানের কথা তুলে ধরেন এবং নদীকে দখলমুক্ত ও সচল রাখতে যৌথ প্রচেষ্টার ওপর জোর দেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী অমিতাভ চৌধুরী, ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: ইমরানুজ্জামান এবং সহকারী কমিশনার (ভূমি) রওশন কবির। এ সময় স্থানীয় প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিরাও উপস্থিত ছিলেন। বক্তারা বলেন যে, অবৈধ দখল, ভরাট এবং অব্যবস্থাপনার কারণে দীর্ঘদিন ধরে নদীর স্বাভাবিক প্রবাহ ব্যাহত হয়েছে। সীমানা স্তম্ভ স্থাপন কর্মসূচিটি নদীর প্রকৃত সীমানা নির্ধারণে সহায়ক হবে এবং ভবিষ্যতে অবৈধ দখল প্রতিরোধে কার্যকর ভূমিকা পালন করবে।
তাঁরা আরও বলেন যে, এই উদ্যোগ বাস্তবায়নের মাধ্যমে নদীর স্বাভাবিক প্রবাহ পুনরুদ্ধার করা সম্ভব হবে, যা কৃষি, মৎস্য এবং জীববৈচিত্র্য সুরক্ষায় ইতিবাচক প্রভাব ফেলবে। এটি নদীনির্ভর মানুষের জীবনযাত্রার মান উন্নয়নেও সহায়তা করবে। স্থানীয় প্রশাসনের তত্ত্বাবধানে পর্যায়ক্রমে সিংহারা নদীর সম্পূর্ণ সীমানা বরাবর স্তম্ভ স্থাপন করা হবে। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন যে, এর ফলে নদী ব্যবস্থাপনা, অবৈধ দখল উচ্ছেদ এবং পরিবেশ সংরক্ষণ কার্যক্রম আরও সুসংগঠিতভাবে পরিচালনা করা সম্ভব হবে।


