মো: জাহিদুল ইসলাম,
ডিমলা (নীলফামারী) প্রতিনিধি।
নীলফামারীর ডিমলায় ‘করবো সমবায়, গড়বো দেশ; সবার জন্য বাংলাদেশ’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে ৫৫তম জাতীয় সমবায় দিবস-২০২৬' উদযাপিত হয়েছে। রোববার (৮ নভেম্বর) উপজেলা প্রশাসন, সমবায় বিভাগের যৌথ আয়োজনে দিবসটি পালিত হয়।
দিবসটি উপলক্ষে সকালে উপজেলা প্রশাসনিক কার্যালয়ের সামনে পতাকা উত্তোলন করে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য সমবায় র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালিতে অংশগ্রহণকারীরা সমবায় দিবসের লোগো সংবলিত বিশেষ ক্যাপ পরিধান করেন। পরে ডিমলা উপজেলা পরিষদে হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ডিমলা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. ইমরানুজ্জামান। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের মাননীয় সংসদ সদস্য অধ্যক্ষ আব্দুস সাত্তার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিমলা উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ এর চেয়ারম্যান গোলাম রব্বানী প্রধান, জেলা বিএনপির সাবেক উপদেষ্টা অধ্যাপক রইসুল আলম চৌধুরী,
এছাড়াও অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ডিমলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আশরাফুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা মীর হাসান আল বান্না এবং ডিমলা উপজেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক মজিবুর রহমান, উপজেলা সেক্রেটারি কাজী রকেনুজ্জামান বকুল উপজেলা সমবায় কর্মকর্তা মো. জাহিদুল ইসলাম, এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সমবায় দপ্তরের প্রতিনিধি, স্থানীয় জনপ্রতিনিধি এবং বিভিন্ন সমবায় সমিতির সদস্যরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা দেশের আর্থসামাজিক উন্নয়নে সমবায় কার্যক্রমের গুরুত্ব তুলে ধরেন এবং সম্মিলিত প্রচেষ্টায় একটি স্বনির্ভর বাংলাদেশ গড়ার ওপর জোর দেন। আলোচনা সভা শেষে সমবায় কার্যক্রমে অবদানের স্বীকৃতিস্বরূপ সমবায় সমিতির প্রতিনিধিদের পুরস্কার প্রদান করা হয়।