মো: জাহিদুল ইসলাম,
ডিমলা (নীলফামারী) প্রতিনিধি।
নীলফামারীর ডিমলার তিস্তা নদীতে বিলুপ্তির পথে ঐতিহ্যবাহী সুস্বাদু বৈরালি মাছ। ব্যাপক চাহিদা থাকলেও সুস্বাদু এই মাছটি এখন আর আগের মতো পাওয়া যায় না। যেটুকু পাওয়া যায় বাজারে তা বিক্রি হয় অত্যধিক চড়া মূল্যে নীলফামারীসহ উত্তরাঞ্চলে অনেক জনপ্রিয় এই মাছ।
তিস্তা নদীর উৎপত্তি হিমালয়ে ভারতের সিকিম ও পশ্চিমবঙ্গের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে ডিমলা উপজেলার কালীগঞ্জ তিস্তা নদী দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে এ মাছ। পাহাড় থেকে নেমে আসা এই নদীর পানিতে একসময় প্রবল স্রোত ছিল। নদীর পানির স্বচ্ছতা, স্রোত এবং তলদেশের বৈশিষ্ট্য—সব মিলিয়ে বৈরালি মাছের বসবাসের উপযোগী পরিবেশ তৈরি হয়। তাই বাংলাদেশের উত্তরাঞ্চলের নদীগুলোয় মাছটি বেশি দেখা যায়।
বৈরালি শুধু বাংলাদেশের মাছ নয়, ভারতের পশ্চিমবঙ্গে এটি বোরালি নামে পরিচিত। ভারত, নেপাল ও মিয়ানমারের নদীতেও এই মাছের দেখা মেলে। বাংলাদেশে মূলত লালমনিরহাট, নীলফামারী, রংপুর ও কুড়িগ্রাম অঞ্চলের নদীগুলোয় বৈরালি পাওয়া যায়। বৈরালি মাছ মূলত স্বচ্ছ, পরিষ্কার ও স্রোতযুক্ত পানিতে থাকতে পছন্দ করে। তিস্তা, ধরলা ও ব্রহ্মপুত্র নদের বিভিন্ন অংশে এই মাছ পাওয়া যায়। বিশেষ করে তিস্তা অববাহিকা বৈরালি মাছের পরিচিত জায়গা।
একসময় তিস্তা নদীতে প্রচুর বৈরালি পাওয়া যেত এখন নদীতে মাছটি পাওয়া অনেক কঠিন। নদীপারের মানুষেরাও বলছেন, আগের মতো আর বৈরালি ধরা পড়ে না। বাজারে যে অল্প কিছু মাছ আসে, সেগুলোর দামও বেশ চড়া। তিস্তা নদীর পরিবেশ বদলে যাওয়াকে এর অন্যতম কারণ হিসেবে দেখছেন স্থানীয় লোকজন। তাঁদের অভিযোগ, ভারতের অভ্যন্তরে তিস্তার ওপর নির্মিত একাধিক বাঁধ ও জলবিদ্যুৎ প্রকল্পের কারণে নদীর স্বাভাবিক পানিপ্রবাহ ব্যাহত হচ্ছে। শুষ্ক মৌসুমে নদীতে পানির পরিমাণ কমে যায়। কোথাও কোথাও জেগে উঠছে চর, কমছে পানির গভীরতা। এতে বৈরালির মতো স্রোতপ্রিয় মাছের বসবাস ও প্রজননের পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে।
তিস্তার পানির প্রবাহ শুধু বাংলাদেশে নয়, ভারতের সিকিম ও পশ্চিমবঙ্গেও নানা প্রকল্পের কারণে পরিবর্তিত হয়েছে। নদীর উজানে পানি ব্যবস্থাপনা এবং বাঁধের প্রভাব নিয়ে দুই দেশের মধ্যে দীর্ঘদিন ধরে আলোচনা চলছে। তবে বৈরালি মাছের সংখ্যা কমে যাওয়ার পেছনে কোন কারণ কতটা দায়ী, তা নিশ্চিতভাবে জানতে আরও গবেষণা প্রয়োজন। শুধু পানির প্রবাহের পরিবর্তনই নয়, নদীদূষণ, মাছ ধরার ধরন এবং অতিরিক্ত মাছ ধরাও বৈরালির জন্য হুমকি। নদীর স্বাভাবিক পরিবেশ নষ্ট হলে মাছের খাবার, আশ্রয় ও প্রজননের জায়গা কমে যায়। ফলে একসময় যে নদীতে প্রচুর মাছ পাওয়া যেত, সেখানেও মাছের সংখ্যা কমতে পারে।
নদীপারের এলাকাবাসী কেউ কেউ মনে করেন, আগে অতিথি এলে বৈরালি মাছ রান্না করে আপ্যায়ন করা হতো। এখন বাজারে খুঁজেও মাছটি পাওয়া যায় না। ডালিয়া তিস্তা ব্যারাজ এলাকায় কোথাও কোথাও বৈরালি মিললেও দাম অনেক বেশি। দূরদূরান্ত থেকে মানুষ এই মাছ কিনতে আসে। চাহিদা বেশি, কিন্তু সরবরাহ কম। উপজেলার গয়াবাড়ী ইউনিয়নের শুঠিবাড়ি হাটের স্থানীয় এক মাছ ব্যবসায়ী বলেন, বৈরালির চাহিদা অনেক, কিন্তু নদীতে মাছ নেই। যা পাই অনেক দামে বিক্রি করেও চাহিদা মেটানো যায় না। এদিকে ক্রেতাদের অভিযোগ বলেন পুকুরে চাষ করা মাছ নদীর পাড়ে এনে ‘তিস্তার মাছ’ নামে বিক্রি করা হয়, যা আসল বৈরালি নয়।
তবে বিলুপ্তির পথে চলে গেলেও ঐতিহ্যবাহী বৈরালি মাছ, কৃত্রিম প্রজননের মাধ্যমে তার পোনা উৎপাদনে সাফল্য পেয়েছেন বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের বিজ্ঞানীরা। এর ফলে ভবিষ্যতে পরিকল্পিতভাবে মাছটির চাষ ও সংরক্ষণের সুযোগ তৈরি হয়েছে। তবে শুধু পোনা উৎপাদন করলেই হবে না। মাছটি যেন আবার নদীতে স্বাভাবিকভাবে বংশবিস্তার করতে পারে, সেই পরিবেশও ফিরিয়ে আনতে হবে।
এ বিষয়ে উপজেলা মৎস্য কর্মকর্তা মামুনুর রশিদ বলেন, তিস্তা ও ধরলা নদীতে সুস্বাদু বৈরালি মাছ পাওয়া যায়। প্রতিবছর নদীগুলো শুকিয়ে যাওয়ার কারণেই মাছ কমে যাচ্ছে। বৈরালি মাছরক্ষা ও প্রজনন বৃদ্ধি এখন সময়ের দাবি, এ মাছের চাহিদা ব্যাপক। তবে তিস্তা নদীতে জাল ও ব্যাটারি দিয়ে বিদ্যুৎ তৈরি করে বৈরালি মাছ নিধনের বিষয়টি আমরা গুরুত্বসহকারে দেখছি।