মো: জাহিদুল ইসলাম,
ডিমলা (নীলফামারী) প্রতিনিধি।
নীলফামারীর ডিমলায় ভ্রাম্যমাণ আদালত এর অভিযানে ফুটপাত দখল করে মালামাল রাখার দায়ে একটি হার্ডওয়্যার দোকান এবং অবৈধভাবে মিনি পেট্রোল পাম্প পরিচালনার দায়ে দুইটি প্রতিষ্ঠানকে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (২ নভেম্বর) বিকেলে উপজেলার গয়াবাড়ি ইউনিয়নের শুঠিবাড়ি বাজারে (ইউএনও) মো. ইমরানুজ্জামানের নেতৃত্বে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। এ সময় ডিমলা থানা পুলিশের একটি দল অভিযানে সহযোগিতা করে।
অভিযান চলাকালে ফুটপাত দখল করে অবৈধভাবে মালামাল সংরক্ষণ এবং জনসাধারণের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির দায়ে মেসার্স মনি হার্ডওয়্যার স্টোরের মালিক সেলিম কে দণ্ডবিধি, ১৮৬০-এর ২৯১ ধারায় ১০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।
এ ছাড়া অবৈধভাবে মিনি পেট্রোল পাম্প পরিচালনা করে জ্বালানি তেল বিক্রির দায়ে মেসার্স রাজু মিনি ফিলিং স্টেশনের মালিক রাজু কে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫২ ধারায় ১০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। একই সঙ্গে অবৈধ মিনি পেট্রোল পাম্পটি বিনষ্ট ও বন্ধ করার নির্দেশ দেন ভ্রাম্যমাণ আদালত।
এ বিষয়ে (ইউএনও) মো. ইমরানুজ্জামান বলেন, অবৈধভাবে মিনি পেট্রোল পাম্প পরিচালনা এবং জনদুর্ভোগ কমাতে ফুটপাত দখল করে জনসাধারণের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির দায়ে সংশ্লিষ্টদের জরিমানা করা হয়েছে, এবং ভোক্তা অধিকার এর এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।