
মো: জাহিদুল ইসলাম,
ডিমলা (নীলফামারী) প্রতিনিধি।
নীলফামারী-১ ডোমার ডিমলা আসনের সংসদ সদস্য পদপ্রার্থী, খেজুর গাছ মার্কার প্রার্থী এবং বিএনপি জোটের জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব জননেতা মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দীর পক্ষে জনসমর্থনের গণজোয়ার সৃষ্টি হয়েছে।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ডিমলা উপজেলার টেপাখড়িবাড়ী ইউনিয়নের একতা বাজারে বিএনপি ও জমিয়তের যৌথ উদ্যোগে আয়োজিত এক নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্য দেন তিনি। পথসভায় হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান সম্প্রদায়সহ বিভিন্ন শ্রেণি-পেশার বিপুল সংখ্যক নেতাকর্মী, সমর্থক ও সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে। স্লোগান, করতালি ও ভালোবাসায় মুখরিত এই সমাবেশে পরিবর্তন, ঐক্য ও ন্যায়বিচারের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী বলেন, আজকের এই জনসমুদ্র প্রমাণ করে মানুষ পরিবর্তন চায়। দীর্ঘদিনের অন্যায়, অবিচার ও দুঃশাসনের বিরুদ্ধে খেজুর গাছ আজ প্রতিরোধের প্রতীকে পরিণত হয়েছে। ইনশাআল্লাহ, জনগণের ভালোবাসা ও সমর্থনই আমাদের বিজয়ের মূল শক্তি হবে।তিনি আরও বলেন, নীলফামারী-১ আসনকে একটি শান্তিপূর্ণ, ন্যায়ভিত্তিক ও উন্নয়নমুখী জনপদ হিসেবে গড়ে তুলতে হলে সবাইকে ঐক্যবদ্ধভাবে খেজুর গাছ মার্কার পক্ষে কাজ করতে হবে। জনগণের অধিকার, ধর্মীয় সম্প্রীতি ও সামাজিক ন্যায় প্রতিষ্ঠাই হবে আমাদের মূল লক্ষ্য।
পথসভা শেষে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। উপস্থিত জনতা দৃঢ় প্রত্যয়ে খেজুর গাছ মার্কায় ভোট দেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন এবং নির্বাচনে বিজয় নিশ্চিত করার প্রত্যাশা জানান। সমাবেশে স্থানীয় বিএনপি ও জমিয়তের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দও বক্তব্য রাখেন এবং নীলফামারী-১ আসনে খেজুর গাছ মার্কাকে বিজয়ী করতে সবাইকে মাঠে কাজ করার আহ্বান জানান।



