মো: জাহিদুল ইসলাম,
ডিমলা (নীলফামারী) প্রতিনিধি।
জাতীয় কবি নজরুল বর্ষ উপলক্ষে দেশব্যাপী সকল শিক্ষার্থীদের জন্য শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা দেশব্যাপী একযোগে উদ্বোধন এর অংশ হিসেবে নীলফামারীর ডিমলায় শুভ উদ্বোধন করা হয়েছে। ৩১ আগস্ট সোমবার সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় পৃষ্ঠপোষকতায়, উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে উদ্বোধনী অনুষ্ঠানে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মো: ইমরানুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির উপদেষ্টা অধ্যাপক রইসুল আলম চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) রওশন কবির, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অধ্যক্ষ মনোয়ার হোসেন, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য গোলাম রব্বানী প্রধান, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি কাজী রোকনুজ্জামান বকুল, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মীর হাসান আল বান্না, ডিমলা থানার ওসি (তদন্ত) দিবাকর অধিকারী, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আফরোজা বেগম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ধীরেন্দ্রনাথ রায়, উপজেলা প্রকৌশলী মফিজুর রহমান, অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন স্থানীয় সাংস্কৃতিক সংগঠনের শিল্পীরাসহ উপজেলার শিক্ষক শিক্ষার্থী ও গণমাধ্যম কর্মী এবং উপজেলার বিভিন্ন দলের রাজনৈতিক নেতাকর্মীরাসহ উপজেলার সচেতন নাগরিকগণ।
এ সময় অনুষ্ঠানে বক্তারা জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন, সাহিত্যকর্ম ও সাম্য-মানবতার দর্শন নিয়ে আলোচনা করেন। তারা বলেন, নজরুলের সাহিত্য ও সৃষ্টিকর্ম বাঙালির সাংস্কৃতিক ও জাতীয় জীবনের গুরুত্বপূর্ণ সম্পদ। নতুন প্রজন্মের মধ্যে নজরুলের সাহিত্য, সংগীত ও মানবতাবাদী চেতনা ছড়িয়ে দিতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বক্তারা নজরুল চর্চাকে আরও বিস্তৃত করতে নিয়মিত সাহিত্য ও সাংস্কৃতিক আয়োজনের ওপর গুরুত্বারোপ করেন এবং দেশব্যাপী সাহিত্য প্রতিযোগিতার উদ্যোগের প্রশংসা করেন বক্তারা। পরে উদ্বোধনী পর্বের আলোচনা শেষে বিভিন্ন ক্যাটাগরিতে শিক্ষার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু হয়।