মো: জাহিদুল ইসলাম,
ডিমলা (নীলফামারী) প্রতিনিধি।
আগামীকাল ২৩ আগস্ট রবিবার, মওলানা ভাসানীর রাজনৈতিক উত্তরসূরী, জাতীয় নেতা মশিউর রহমান যাদু মিয়া‘র জেষ্ঠ্যপুত্র, বাংলাদেশ ন্যাপএর চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী জননেতা শফিকুল গণি স্বপনের ১৭তম মৃত্যুবার্ষিকী।
প্রগতিশীল ও গণতান্ত্রিক চেতনার মানুষ, সংগ্রামী ও মেধাবী রাজনীতিক জননেতা শফিকুল গণি স্বপন ১৯৪৮ সালের ১১ সেপ্টেম্বর তৎকালীন রংপুর জেলার আজকের নীলফামারী জেলায় এদেশের রাজনীতির এক উজ্জ্বলতম নক্ষত্র জাতীয় নেতা মশিউর রহমান যাদু মিয়ার ঔরষে জন্ম গ্রহন করেন। মা হচ্ছেন মরহুমা সাবেরা রহমান।
১৯৭৯ সালের জাতীয় সংসদ নির্বাচনের পর মশিউর রহমান যাদু মিয়া মৃত্যুবরণ করলে তিনি রাজনৈতিক দৃশ্যপটে সরাসরি আর্বিভূত হন। পিতার মৃত্যুতে শূন্য আসনের উপ-নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হন। পরবর্তীতে ১৯৮৬ সালে জাতীয় সংসদ নির্বাচনে রংপুর সদর ও নীলফামারী-১ ডোমার-ডিমলা আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন এবং সরকারের প্রতিরক্ষা প্রতিমন্ত্রী, শ্রম ও কর্মসংস্থান, যুব ও ক্রীড়া, বেসামরিক ও বিমান পর্যটন এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেন। মৃত্যুকালে তিনি বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপের চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালন করছিলেন।
বাংলা ও ইংরেজী ভাষার অসাধারন দখল থাকার কারনে তিনি বাংলা ও ইংরেজী সংবাদপত্রের জগতে সাপ্তাহিক বঙ্গব্যাপী ও ওইকলি ফ্রাইডে প্রকাশ করেছিলেন। ক্রীড়াঙ্গনেও তিনি যথেষ্ঠ অবদান রেখেছেন। দেশের ঐতিহ্যবাহী ক্রীড়া সংগঠন মোহামেডান স্পোর্টিং ক্লাব-এর গর্ভনিং বডির চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালন করেন। ২০০৯ সালের ২৩ আগস্ট তিনি ইন্তেকাল করেন। জননেতা শফিকুল গনি স্বপনের মত মেধাবী ও দেশপ্রেমিক নেতৃত্বের বড়ই দেশে প্রয়োজন ছিল।