সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী বলেছেন, বিগত ফ্যাসিষ্ট আওয়ামী লীগ সরকার নদী শাসনের নামে কেবল লুটপাট করেছে, নদীভাঙন রোধ ও মানুষের কল্যাণে তারা কোনো কাজই করেনি। কিন্তু দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে বর্তমান বিএনপি সরকার নদীভাঙন ও স্থায়ী বন্যা প্রতিরোধে নদী শাসনের জন্য দেশব্যাপী ব্যাপক ও যুগোপযোগী মহাপরিকল্পনা গ্রহণ করেছে।
গতকাল সিলেট নগরীর ৯নং ওয়ার্ডের আখালিয়া ঘাট সংলগ্ন সুরমা নদীর ভাঙন কবলিত এলাকা পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।
পরিদর্শন শেষে উপস্থিত স্থানীয় জনগণের উদ্দেশ্যে দেওয়া বক্তব্যে ইমদাদ হোসেন চৌধুরী বিগত সরকারের তীব্র সমালোচনা করে বলেন, গত দেড় দশক স্বৈরাচারী আওয়ামী লীগ সরকার সিলেটের সুরমা ও কুশিয়ারা নদী শাসনের নামে কোটি কোটি টাকা বরাদ্দ দিলেও তার পুরোটাই দুর্নীতি আর লুটপাটের পকেটে গেছে। যার খেসারত দিতে হচ্ছে আখালিয়া ঘাটের নদীপাড়ের মানুষসহ সিলেটবাসীকে।
বর্তমান সরকারের পরিকল্পনা তুলে ধরে তিনি আরও বলেন, জনগণের ভোটে নির্বাচিত বর্তমান বিএনপি সরকার সাধারণ মানুষের মৌলিক অধিকার ও নিরাপত্তা রক্ষায় সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের নেতা তারেক রহমান নদীভাঙন কবলিত প্রতিটি মানুষের পুনর্বাসন এবং টেকসই বাঁধ নির্মাণের মাধ্যমে এই সংকট স্থায়ীভাবে সমাধান চান। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খালকাটা কর্মসূচি তিনি নবউদ্যমে শুরু করেছেন। এর সুফল ভোগ করবে গ্রামাঞ্চলসহ নদী পাড়ের মানুষেরা। তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশের প্রতিটি সেক্টরে পরিকল্পিত হবে কাজ করা হচ্ছে। বর্তমান সরকারের সুশাসন অব্যাহত থাকলে অচিরেই আমরা বাংলাদেশকে একটি সমৃদ্ধ ও আধুনিক দেশ হিসেবে গড়ে তুলতে পারব।
সময় উপস্থিত ছিলেন সিলেট মহানগর বিএনপির সহ-সভাপতি এবং ৯ নং ওয়ার্ড বিএনপি'র সভাপতি মো: আমির হোসেন, ৩৮ নং ওয়ার্ড বিএনপি'র আহবায়ক শাহজাহান মিয়া, আখালিয়া ঘাটের মুতাওয়াল্লি আবুল কালাম, বিশিষ্ট মুরব্বি চাঁন মিয়া, কুতুব উদ্দিন, আনছার উদ্দিন, ইকবাল মাহমুদ, শরীফ মিয়া, আব্দুর রহমান, আক্তার হোসেন, মুহিব উদ্দিন, সিরাজ মিয়া আখালিয়া ঘাট সমাজ কল্যান যুব সংঘের সভাপতি আবুল হাসান, সাধারণ সম্পাদক মঞ্জুর হোসেন, সাংগঠনিক সম্পাদক আখলাক হোসেন, কোষাধ্যক্ষ মখবুল হোসেন, প্রচার সম্পাদক আমিনুল ইসলাম রবিন, সোহেল মিয়া, আজাদূর রহমান, দুলাল আহমদ কুটু, সাজ্জাদ মিয়া, রাব্বি আহমদ, জাকির হোসেন, তায়েম আহমদ, সায়েম আহমদ-সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।