মো: জাহিদুল ইসলাম,
ডিমলা (নীলফামারী) প্রতিনিধি।
বিশ্ব শিক্ষক দিবস-২০২৬’ উদযাপন উপলক্ষে নীলফামারীর ডিমলায় বর্ণাঢ্য আনন্দ র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৫ অক্টোবর) উপজেলা প্রশাসন ও বিশ্ব শিক্ষক দিবস উদযাপন কমিটির আয়োজনে আনন্দ র্যালী টি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পরে শেষে উপজেলা প্রশাসনিক কার্যালয়ে এসে আলোচনা সভায় মিলিত হয়।
উক্ত আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মো: ইমরানুজ্জামানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, প্রধান অতিথি হিসাবে নীলফামারী-১ ডোমার ডিমলা আসনের মাননীয় সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার, এছাড়া বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির সাবেক উপদেষ্টা অধ্যাপক রইছুল আলম চৌধুরী, জেলা বিএনপির সাবেক সদস্য অধ্যক্ষ মনোয়ার হোসেন, জেলা বিএনপির সাবেক সদস্য গোলাম রব্বানী প্রধান, শিক্ষা কর্মকর্তা বীরেন্দ্রনাথ রায়, উপজেলা কৃষি কর্মকর্তা (কৃষিবিদ) মীর হাসান আল বান্না উপজেলা জামায়াতে ইসলামের আমির অধ্যাপক মাওলানা মুজিবুর রহমান উপজেলা জামায়াতের সেক্রেটারী কাজী রুকুজ্জামান বকুল। এছাড়া উপস্থিত ছিলেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মীরা এবং উপজেলার শিক্ষক, শিক্ষার্থী ও সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও জনপ্রতিনিধি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার গণমাধ্যম কর্মীরা।
আলোচনা সভায় বক্তারা সুন্দর জাতি গঠনে শিক্ষকদের গুরুত্বপূর্ণ অবদানের কথা স্মরণ করে বলেন, একটি জাতির উন্নয়ন ও অগ্রগতিতে শিক্ষকদের ভূমিকা অপরিসীম। শিক্ষকরা শুধু শিক্ষার্থীদের পাঠদানই করেন না, বরং তাদের নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করে ভবিষ্যৎ প্রজন্ম গড়ে তোলেন। পরিবর্তিত বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে শিক্ষার গুণগত মান বাড়াতে শিক্ষক-শিক্ষার্থীদের প্রযুক্তিনির্ভর ও আধুনিক শিক্ষাব্যবস্থার সঙ্গে সম্পৃক্ত হওয়ার ওপর গুরুত্বারোপ করেন। বক্তারা আরও বলেন, শিক্ষকদের পেশাগত মর্যাদা ও সুযোগ-সুবিধা নিশ্চিত করার পাশাপাশি শিক্ষার পরিবেশ উন্নত করতে সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে।