
মুকুল বসু বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের বোয়ালমারীতে সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের কল্যাণে কাজ করা সংগঠন সশস্ত্র বাহিনী অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমবায় সমিতির উদ্যোগে এক আন্তরিক পরিবেশে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
শনিবার (৭ মার্চ) বিকেলে বোয়ালমারী উপজেলা অডিটোরিয়াম কাম মাল্টিপারপাস হলরুমে এ ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সমিতির সদস্যবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমিনা মামুন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা খন্দকার আশরাফুল আলম মামুন। তিনি তার বক্তব্যে বলেন, পবিত্র মাহে রমজান আত্মশুদ্ধি, সংযম ও মানবসেবার মাস। এই পবিত্র মাসে এ ধরনের আয়োজন পারস্পরিক সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধকে আরও সুদৃঢ় করে। তিনি অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান। ইফতার মাহফিলে উপস্থিত অতিথিরা রমজানের তাৎপর্য নিয়ে আলোচনা করেন এবং দেশ ও জাতির কল্যাণ, শান্তি, সমৃদ্ধি এবং মুসলিম উম্মাহর মঙ্গল কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সমিতির নেতৃবৃন্দ ছাড়াও স্থানীয় বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। ইফতারের পূর্বে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয় এবং পরে সকলের অংশগ্রহণে সম্মিলিতভাবে ইফতার করা হয়। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বোয়ালমারী সশস্ত্র বাহিনী অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমবায় সমিতির সভাপতি অনারারি ক্যাপ্টেন শরিফ গোলজার রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক সৈনিক মো. রবিউল খান, প্রতিষ্ঠাতা আহবায়ক সিনিয়র ওয়ারেন্ট অফিসার মোল্যা মনিরুজ্জামান, ছরোয়ার হোসেন, শহিদুল ইসলাম ও বদিউজ্জামান, সার্জেন্ট হাবিবুর রহমান, তারা মিয়া, শামীম আহমেদ, কামরুল ইসলাম, মিজানুর রহমান প্রমুখ।



