
বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের বোয়ালমারীতে পায়ুপথে বাতাস ঢুকিয়ে এক কিশোর হত্যার অভিযোগ পাওয়া গেছে। উপজেলার সাতৈর ইউনিয়নের ডোবরা গ্রামে অবস্থিত আকিজ-বশির জনতা জুট মিলে এ ঘটনা ঘটেছে। নিহতের নাম সজিব শরীফ (১৪)। সে পাশের দাদপুর ইউনিয়নের বাড়ৈপাড়া গ্রামের কৃষক শহিদুল শরীফের ছেলে এবং মিলটির স্পিনিং বিভাগে হেলপার হিসেবে কাজ করতো। গত সোমবার রাতে এ ঘটনা ঘটার একদিন পর বুুুধবার (২৫ ফেব্রুয়ারি) সকালে চিকিৎসাধীন অবস্থায় সজিবের মৃত্যু ঘটে। জানা গেছে, গত সোমবার রাত ১০টার দিকে বাড়ি যাওয়ার আগে মেশিন দিয়ে সজিব শরীর পরিষ্কার করতে যায়। এসময় বোয়ালমারী সদর ইউনিয়নের রামনগর গ্রামের রজব আলীর পালিত ছেলে রিহাদ শেখ (২৫) নামের অপর এক শ্রমিক সজিবের পায়ুপথে মেশিন দিয়ে বাতাস ঢুকিয়ে দেয় বলে অভিযোগ। পরে সে অজ্ঞান হয়ে পড়ে। সাথে সাথে সজীবকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নেয়া হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় বুধবার সজিব মারা যায়।
নিহতের ভাবি নুরজাহান জানান, পাঁচ ভাইবোনের মধ্যে মেজ ছিলো সজিব। কাজ শেষে শরীরে লেগে থাকা পাটের আঁশ মেশিন দিয়ে পরিষ্কার করতে গেলে একজন শ্রমিক ওর পায়ুপথে বাতাস ঢুকিয়ে দেয়। পরে প্রথমে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে, পরে ঢাকায় নেয়া হয়। চিকিৎসকেরা জানিয়েছেন, সজিবের নাড়ি ছয় জায়গা ছিদ্র হয়ে গেছিলো। অপারেশন করার পর বুধবার সকালে সজিব মারা যায়। ঘটনাস্থল পরিদর্শনকারী বোয়ালমারী থানার উপ-পুলিশ পরিদর্শক মাহমুদুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে তদন্ত চলছে।



