
বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় পায়ুপথে কম্প্রেসার মেশিনের উচ্চচাপের বাতাস প্রবেশ করিয়ে এক কিশোর শ্রমিককে হত্যার চাঞ্চল্যকর ঘটনায় মূল অভিযুক্ত রিহাদ শেখ ওরফে হাকিমকে (২২) গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১০)। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সংস্থাটির কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান র্যাব-১০-এর কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার তারিকুল ইসলাম।
র্যাব জানায়, বৃহস্পতিবার মাগুরা জেলার শ্রীপুর থানা এলাকা থেকে অভিযুক্তকে গ্রেফতার করা হয়। তিনি বোয়ালমারী উপজেলার রামনগর গ্রামের বাসিন্দা। নিয়মিত আইন-শৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনের অংশ হিসেবে পরিচালিত বিশেষ অভিযানে তাকে শনাক্ত ও গ্রেফতার করা সম্ভব হয়। মামলার বিবরণে জানা যায়, গত ২৩ ফেব্রুয়ারি রাতে বোয়ালমারীর সাতৈর ইউনিয়নের ডোবরা গ্রামে অবস্থিত আকিজ-বশির জনতা জুট মিল-এ কর্মরত ভিকটিম মো. সজিব শরীফ (১২) কাজ শেষে কম্প্রেসার মেশিনের হাওয়ার পাইপ দিয়ে শরীর পরিষ্কার করছিল। এ সময় অভিযুক্ত ও তার এক সহযোগী মিলে ভিকটিমের পায়ুপথে উচ্চচাপের বাতাস প্রবেশ করায়। এতে তার পেট ফুলে যায় এবং তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন। প্রথমে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। চিকিৎসাধীন অবস্থায় গত ২৫ ফেব্রুয়ারি সকালে তার মৃত্যু হয়। চিকিৎসকদের মতে, গুরুতর অভ্যন্তরীণ আঘাতে অন্ত্র একাধিক স্থানে ছিদ্র হয়ে যায় এবং অস্ত্রোপচার করেও তাকে বাঁচানো সম্ভব হয়নি। এ ঘটনায় ভিকটিমের পিতা বোয়ালমারী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন (মামলা নং-১৭, তারিখ-২৬/০২/২০২৬ খ্রি. ধারা-৩০২/৩৪ পেনাল কোড)। ঘটনাটি গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার সৃষ্টি করে।
র্যাব জানায়, ঘটনার পর থেকেই অভিযুক্ত আত্মগোপনে ছিলেন। গোয়েন্দা তথ্য ও আধুনিক প্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে মামলা রুজুর ২৪ ঘণ্টার মধ্যেই তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।



