
বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি :
ফরিদপুরের বোয়ালমারীতে স্বপন ঘোষ (৫৬) নামের এক ভুয়া ভ্যাট অফিসারকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। সোমবার (২৩.০২.২৬) বিকেল তিনটার দিকে বোয়ালমারী গরুহাটায় আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শিব্বির আহমেদ। স্বপনকে দন্ডবিধি ১৮৬০ এর ১৮৮ ধারায় এ সাজা দেয়া হয়। সে কুষ্টিয়া জেলার আমলাপাড়া এলাকার সমন্দ্র নাথ ঘোষের ছেলে। আদালত সূত্রে জানা যায়, সোমবার দুপুরে স্বপন ঘোষ বোয়ালমারী ডাকবাংলো রোডে আদর্শ প্রেসে এসে ফরিদপুর ভ্যাট অফিসের এআরইউ অফিসার হিসেবে পরিচয় দিয়ে আদর্শ প্রেসের মালিক আমিনের কাছে টাকা দাবি করে। এর আগেও দুই দফায় আমিনের নিকট থেকে ৮ হাজার টাকা নিয়েছে। এ সময় আমিন স্বপনের আইডি কার্ড দেখাতে বললে, দেখাতে না পারায় তাকে আটক করে থানার সামনে গরুহাটায় নিয়ে আসে। খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শিব্বির আহমেদ ঘটনাস্থলে পৌঁছে খোঁজখবর নিয়ে জানতে পারেন সে ভুয়া ভ্যাট কর্মকর্তা হিসেবে পরিচয় দিয়ে বিভিন্ন জায়গা থেকে টাকা তোলে। তাৎক্ষণিক ভ্রাম্যমান আদালত বসিয়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়ে জেল হাজতে প্রেরন করেন । এ সময় থানা অফিসার ইনচার্জ মো. আনোয়ার হোসেন উপস্থিত ছিলেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শিব্বির আহমেদ বলেন, যে কোন ধরনের প্রতারণা, আইনবিরোধী কর্মকাণ্ডের বিষয়ে ভ্রাম্যমান আদালত অব্যাহত থাকবে।


