সুজন আলী, রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে কুলিক নদীর তীর থেকে এক অজ্ঞাত নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১ অক্টোবর) সকাল সাড়ে ৬টার দিকে পৌরশহরের ১নং ওয়ার্ডের পাইলট ব্রিজ সংলগ্ন এলাকায় কুলিক নদীর তীরে স্থানীয় বাসিন্দারা মরদেহটি দেখতে পেয়ে পুলিশে খবর দেন। স্থানীয় সূত্রে জানা যায়, সকালে কুলিক নদীর ওই এলাকায় বর্শি দিয়ে মাছ শিকার করতে আসেন স্থানীয় বাসিন্দা হালিমা বেগম। এ সময় তিনি নদীর পাশে এক নবজাতকের নিথর দেহ পড়ে থাকতে দেখেন। একই সঙ্গে একটি কুকুর মরদেহটি ছিঁড়ে খাওয়ার চেষ্টা করছিল। তা দেখে হালিমা বেগম হাতের বর্শি দিয়ে কুকুরটিকে তাড়িয়ে দেন এবং বিষয়টি তাঁর ছেলে রবিউল ইসলামকে জানান। পরে রবিউল ইসলাম ঘটনাস্থলে গিয়ে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করেন। খবর পেয়ে রাণীশংকৈল থানা-পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নবজাতকের মরদেহ উদ্ধার করে। প্রত্যক্ষদর্শী রবিউল ইসলাম বলেন, "মা যদি সময়মতো না দেখতেন, তবে কুকুরটি মরদেহটি ছিঁড়ে খেয়ে ফেলত। এই অমানবিক ঘটনা অত্যন্ত দুঃখজনক। যারা এ কাজ করেছে, তাদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা উচিত।
এ বিষয়ে রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমানুল্লাহ আল বারী খবর পেয়েই পুলিশ পাঠিয়ে নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।