সুজন আলী, রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে নানা আয়োজনের মধ্য দিয়ে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে শনিবার (৭ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা, দেশাত্মবোধক গানসহ বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইসরাত জাহানের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় উপজেলা বিএনপির সভাপতি আতাউর রহমান, সাধারণ সম্পাদক আল্লামা ওয়াদুদ বিন নূর আলিফ, পৌর বিএনপির সভাপতি অধ্যাপক শাহজাহান আলী, সাধারণ সম্পাদক মহসিন আলী, বিএনপির সাংগঠনিক সম্পাদক এম আর বকুল মজুমদার, নন্দুয়ার ইউনিয়ন বিএনপির সভাপতি সাবেক চেয়ারম্যান জমিরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন ও রিয়াজুল ইসলাম বক্তব্য দেন।
এ সময় উপজেলার বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীসহ রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন,১৯৭৫ সালের ৭ নভেম্বর বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ অধ্যায়। সিপাহি-জনতার ঐতিহাসিক অভ্যুত্থান ও জাতীয় সংহতির প্রেক্ষাপটে দিনটি দেশের ইতিহাসে বিশেষ স্থান দখল করে আছে। এ দিনের ঘটনাপ্রবাহ বাংলাদেশের রাজনৈতিক গতিপথে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলেছিল।
তাঁরা বলেন, জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের মূল তাৎপর্য হলো দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, জাতীয় ঐক্য ও গণতান্ত্রিক মূল্যবোধ রক্ষায় ঐক্যবদ্ধ থাকার প্রত্যয়। রাজনৈতিক মতপার্থক্য থাকলেও দেশ ও জনগণের স্বার্থে সবাইকে পারস্পরিক শ্রদ্ধাবোধ, সহনশীলতা ও দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে। বক্তারা আরও বলেন, নতুন প্রজন্মের কাছে ৭ নভেম্বরের ইতিহাস, প্রেক্ষাপট ও তাৎপর্য তুলে ধরা জরুরি। দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা অব্যাহত রাখতে জাতীয় ঐক্য ও সংহতির চর্চা আরও জোরদার করতে হবে।
আলোচনা সভা শেষে দেশাত্মবোধক গানের আয়োজন করা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপসহকারী কৃষি কর্মকর্তা সাদেকুল ইসলাম।
অন্যদিকে, দিবসটি উপলক্ষে সকালে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন দলের নেতাকর্মীরা। সন্ধ্যায় পৌর বিএনপির উদ্যোগে পলাশ চত্বরে পৌর বিএনপির সাধারণ সম্পাদক মহসিন আলীর কার্যালয়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।