সুজন আলী, রাণীশংকৈল (ঠাকুরগাঁও)
প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ফ্যামিলি কার্ড বাস্তবায়নের লক্ষ্যে মাঠ পর্যায়ে বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে।
বুধবার (১৪ অক্টোবর) সকালে ৮নং নন্দুয়ার ইউনিয়নের ১নং ওয়ার্ড ভন্ডগ্রাম এলাকায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কার্যক্রমের উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্যের প্রতিনিধি সাবেক চেয়ারম্যান জমিরুল ইসলাম।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মিজ ইশরাত জাহানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আতাউর রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুর রহিম, যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুস সামাদ, পৌর বিএনপির সভাপতি শাহজাহান আলী উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক মনিরুজ্জামান মনি উপজেলা মহিলা দলের আহ্বায়ক অধ্যাপক মুনিরা বিশ্বাস, সদস্য সচিব আনার কলিসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, উপকারভোগী ও তথ্য সংগ্রহকারীগণ।
প্রধান অতিথির বক্তব্যে স্থানীয় সংসদ সদস্যের প্রতিনিধি সাবেক চেয়ারম্যান জমিরুল ইসলাম বলেন ফ্যামিলি কার্ড প্রধানমন্ত্রী তারেক রহমানের একটি যুগান্তকারী ও মানবিক উদ্যোগ। প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছেন — দেশের একটি পরিবারও রাষ্ট্রের সেবার বাইরে থাকবে না। সেই লক্ষ্য বাস্তবায়নেই একটি পরিবারের জন্য একটি কার্ড।
তিনি আরও বলেন, আগে বিভিন্ন ভাতা ও সহায়তার জন্য মানুষকে দ্বারে দ্বারে ঘুরতে হতো। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সেই হয়রানি বন্ধ হচ্ছে। এই একটি ফ্যামিলি কার্ডের মাধ্যমেই প্রতিটি পরিবার খাদ্য নিরাপত্তা, ভাতা ও সামাজিক নিরাপত্তার সকল সুবিধা পাবে। এটি তারেক রহমানের ঘোষিত জনকল্যাণমুখী রাষ্ট্র গড়ার অন্যতম পদক্ষেপ।
তথ্য সংগ্রহকারীদের উদ্দেশে তিনি বলেন, প্রধানমন্ত্রীর আস্থার মর্যাদা রাখতে হবে। তথ্য সংগ্রহে কোনো অনিয়ম, স্বজনপ্রীতি বা দল-মত দেখা চলবে না। প্রকৃত গরীব ও অসহায়রাই যেন এই কার্ড পায়, তা শতভাগ নিশ্চিত করতে হবে। ইউএনও ইশরাত জাহান বলেন, ফ্যামিলি কার্ড বাস্তবায়িত হলে সরকারি সেবা আরও স্বচ্ছ ও জবাবদিহিমূলক হবে। সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য সকলের প্রতি আহ্বান জানান তিনি।