
মো: জাহিদুল ইসলাম,
ডিমলা (নীলফামারী) প্রতিনিধি।
গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয় পেয়ে সরকার গঠন করে বিএনপি। গত মঙ্গলবার তারেক রহমানের নেতৃত্বাধীন নতুন সরকারের মন্ত্রিসভার সদস্যরা শপথ নেয়ার দ্বিতীয় কার্যদিবসে ডিমলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিনের চিকিৎসক সংকটের অবশেষে অবসান ঘটেছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশে একযোগে ৯ জন নতুন চিকিৎসক বদলি দিয়ে ডিমলা হাসপাতালে সংযুক্ত করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বদলি হয়ে আসা নতুন চিকিৎসকগন যোগদান করেছেন। যোগদানের বিষয়টি নিশ্চিত করেছেন ডিমলা উপজেলা হাসপাতালের মেডিকেল অফিসার (এমওডিসি) ডা,মো, মমিনুর রহমান।
নতুন চিকিৎসক যোগদান করায় দীর্ঘদিন থেকে চিকিৎসাসেবা থেকে বঞ্চিত ডিমলা উপজেলা বাসীর মাঝে স্বস্তি ফিরে এসেছে। উল্লেখ্য, চিকিৎসক সংকটের কারণে রোগীদের চরম দুর্ভোগের বিষয়টি নিয়ে অনেক গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়। বিষয়টি নজরে এলে নীলফামারীর সিভিল সার্জন ডা. মো. আব্দুর রাজ্জাক দ্রুত সংকট নিরসনের আশ্বাস দিয়ে আসছিলেন । তিনি বলে আসছিলেন স্বল্প সময়ের মধ্যেই ডিমলা হাসপাতালে চিকিৎসক বদলি করে আনার ব্যবস্থা করা হবে। অবশেষে তার সেই প্রতিশ্রুতির বাস্তবায়ন হয়েছে। ডিমলা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. রাশেদুজ্জামান জানান, স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশক্রমে গতকাল বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) ৯ জন নতুন চিকিৎসক ডিমলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সংযুক্ত হয়েছেন। এতে করে বহির্বিভাগ ও জরুরি বিভাগের সেবার মান উন্নত হবে বলে আশা করা হচ্ছে।
এদিকে ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইমরানুজ্জামান চিকিৎসক সংকটের বিষয়টি জানতে পেরে হাসপাতালে সরেজমিনে পরিদর্শনে গিয়ে তিনি হাসপাতালে রোগীদের দুর্ভোগ প্রত্যক্ষ করে দুর্ভোগ লাঘবে স্থানীয় লোকজন ও সাংবাদিকদের উপস্থিতিতে তৎক্ষণিক স্বাস্থ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করে দ্রুত প্রয়োজনীয় সংখ্যক চিকিৎসক ডিমলা হাসপাতালে বদলি দেয়ার জন্য অনুরোধ করেন। তার তৎপরতার ফলেই দ্রুত এ কার্যকরী পদক্ষেপ নেয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। স্থানীয়রা জানান, দীর্ঘদিন চিকিৎসক স্বল্পতার কারণে রোগীদের নীলফামারী জেলা সদর বা রংপুরে যেতে হতো। নতুন চিকিৎসক যোগদানের ফলে এখন থেকে স্থানীয় পর্যায়েই প্রয়োজনীয় চিকিৎসাসেবা পাওয়া যাবে।



