মো: জাহিদুল ইসলাম,
ডিমলা (নীলফামারী) প্রতিনিধি।
নীলফামারীর জলঢাকায় চাঞ্চল্যকর মকবুল হত্যা মামলার পলাতক এজাহারনামীয় আসামি আনারুল ইসলামকে আটক করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-১৩) এর সিপিসি-২ নীলফামারীর একটি অভিযানিক দল।
আটক আনারুল ইসলাম (৫০) জেলার জলঢাকা উপজেলার পূর্ব বালাগ্রাম আদর্শপাড়া গ্রামের মৃত আব্বাছ আলীর ছেলে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করে এসআরবি-১৩। বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন তথ্যের ভিত্তিতে (২৯ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে ডিমলা থানার জিহাদ বাজার এলাকায় অভিযান চালিয়ে আনারুলকে আটক করা হয়।
এসআরবি-১৩-এর নীলফামারী ক্যাম্প (সিপিসি-২) জানায়, জমি নিয়ে পূর্ববিরোধ ও চলাচলের রাস্তা নিয়ে বিরোধের জেরে ২০১৬ সালের ১২ সেপ্টেম্বর প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত হন মকবুল হোসেন (৫৬)। পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ২১ সেপ্টেম্বর তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে জলঢাকা থানায় হত্যা মামলা করেন। মামলাটির নম্বর ২১। ওই মামলার এজাহারনামীয় ৪ নম্বর আসামি ছিলেন আনারুল ইসলাম। এসআরবি জানিয়েছেন আটক আনারুলকে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য জলঢাকা থানায় হস্তান্তর করা হয়েছে।