
মো: জাহিদুল ইসলাম,
ডিমলা (নীলফামারী) প্রতিনিধি।
নীলফামারী জেলার ডিমলা উপজেলায় আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট খেলার উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১১ নভেম্বর) বিকেলে খগাখড়িবাড়ী মিনি স্টেডিয়াম মাঠে দর্শকের উপস্থিতিতে ও উৎসবমুখর পরিবেশে টুর্নামেন্টের উদ্বোধন ঘোষণা করা হয়। উদ্বোধনী খেলার র্ম্যাচে ডিমলা ফুটবল একাদশ ২–০ গোলে খগাখড়িবাড়ী ফুটবল একাদশকে পরাজিত করে বিজয় অর্জন করে।
উদ্বোধনী খেলার অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নীলফামারী–১ (ডোমার–ডিমলা) আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সাবেক সভাপতি এবং বিএনপি’র কেন্দ্রীয় নেতা প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিন। তিনি উদ্বোধনী বক্তব্যে বলেন,শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছোট ছেলে আরাফাত রহমান কোকো ছিলেন একজন অনন্য ক্রীড়ানুরাগী। তিনি বিশ্বাস করতেন, খেলাধুলা তরুণ সমাজকে মাদক ও অপসংস্কৃতি থেকে দূরে রাখে এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ করে। আজকের এই টুর্নামেন্ট তার সেই স্বপ্নের বাস্তব প্রতিফলন। তিনি আরও বলেন, খেলাধুলা কেবল বিনোদনের মাধ্যম নয়, এটি সামাজিক ঐক্য ও মানবিক মূল্যবোধ গঠনের শক্তিশালী হাতিয়ার। আমরা চাই প্রতিটি গ্রামে খেলাধুলার চর্চা ছড়িয়ে পড়ুক, তরুণরা মাঠমুখী হোক, ইতিবাচক সমাজ গঠিত হোক।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির উপদেষ্টা মণ্ডলীর সদস্য অধ্যাপক রইসুল আলম চৌধুরী, আহ্বায়ক কমিটির সদস্য অধ্যাপিকা সেতারা সুলতানা, অধ্যক্ষ মনোয়ার হোসেন, গোলাম রব্বানী প্রধান প্রমুখ। এবং খেলার অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খগাখড়িবাড়ী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রবিউল ইসলাম লিথন।
এছাড়া টেপাখড়িবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও টুর্নামেন্টের সদস্য সচিব রবিউল ইসলাম শাহীন উদ্বোধনী ফুটবল খেলার ম্যাচ সঞ্চালনা করেন।



