
মো: জাহিদুল ইসলাম,
ডিমলা (নীলফামারী) প্রতিনিধি।
চলতি অর্থবছরে আউশ ধান ও পাট ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে খরিপ-১ মৌসুমে (২০২৫-২০২৬) প্রণোদনা কর্মসূচির আওতায় নীলফামারী জেলার ডিমলা উপজেলায় কৃষকদের মধ্যে কৃষি উপকরণ বিতরণের একটি কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
গত ২ এপ্রিল উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মীর হাসান আল বান্নার সভাপতিত্বে উপজেলা কৃষি অধিদপ্তর এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রওশন কবির। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক গোলাম রব্বানী প্রধানসহ উপজেলার কৃষক এবং গণমাধ্যমকর্মীরা।
ডিমলা উপজেলা কৃষি অধিদপ্তরের সূত্রমতে, উপজেলার মোট ৩৩০ জন কৃষকের মধ্যে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। এর মধ্যে ২০০ জন কৃষককে প্রত্যেককে ৫ কেজি আউশ ধানের বীজ, ১০ কেজি এমওপি এবং ১০ কেজি ডিএপি সার দেওয়া হয়েছে। এছাড়া, ১৫০ জন কৃষককে ১ কেজি পাটের বীজ এবং ১০ কেজি সার দেওয়া হয়েছে, যার মধ্যে ৫ কেজি এমওপি এবং ৫ কেজি ডিএপি রয়েছে।
বক্তারা অনুষ্ঠানে বলেন যে, এই সরকারি প্রণোদনা কর্মসূচির মাধ্যমে কৃষকরা পাট চাষে আরও আগ্রহী হবেন এবং পাট ও ফসলের উৎপাদন বাড়বে। তাঁরা কৃষকদের বীজ ও সার সঠিকভাবে ব্যবহার করে অধিক ফলন নিশ্চিত করার জন্য আহ্বান জানান। এদিকে, কৃষকরা এই সহায়তা পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন এবং সরকারের এই উদ্যোগকে সময়োপযোগী ও সহায়ক বলে উল্লেখ করেছেন।



