
মো: জাহিদুল ইসলাম,
ডিমলা (নীলফামারী) প্রতিনিধি।
প্রাথমিক শিক্ষা উন্নয়নে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ‘প্রাথমিক শিক্ষা পদক-২০২৬’-এ রংপুর বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত হয়েছেন নীলফামারীর জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান।
এ অর্জনের খবরে নীলফামারী জেলায় শিক্ষা সংশ্লিষ্ট মহল, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও সচেতন নাগরিকদের মধ্যে ব্যাপক আনন্দের সঞ্চার হয়েছে। সংশ্লিষ্টদের মতে, এই সম্মান শুধু একজন প্রশাসনিক কর্মকর্তার ব্যক্তিগত অর্জন নয়, বরং জেলার প্রাথমিক শিক্ষা খাতে ধারাবাহিক উন্নয়ন ও সম্মিলিত প্রচেষ্টার স্বীকৃতি। জানা গেছে, জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালনকালে মোহাম্মদ নায়িরুজ্জামান প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেন। বিদ্যালয়গুলোর নিয়মিত পরিদর্শন, শিক্ষার্থীদের উপস্থিতি বৃদ্ধি, ঝরে পড়া রোধ, শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতকরণ এবং শিক্ষা ব্যবস্থাপনায় জবাবদিহিতা বৃদ্ধির লক্ষ্যে তার নেওয়া পদক্ষেপগুলো ইতিবাচক ফল বয়ে আনে। শিক্ষা বিভাগের কর্মকর্তারা জানান, তার নেতৃত্বে জেলার প্রাথমিক বিদ্যালয়গুলোতে শিক্ষার গুণগত মান উন্নয়নে কার্যকর কর্মপরিকল্পনা বাস্তবায়ন হয়েছে। একই সঙ্গে শিক্ষার্থীদের বিদ্যালয়মুখী করতে বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম পরিচালিত হওয়ায় শিক্ষা কার্যক্রমে নতুন গতি এসেছে।
রংপুর বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ জেলা প্রশাসক হিসেবে নির্বাচিত হওয়ায় জেলার বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠন তাকে অভিনন্দন জানিয়েছে। তারা আশা প্রকাশ করেছেন, তার নেতৃত্বে নীলফামারীর শিক্ষা খাত ভবিষ্যতে আরও এগিয়ে যাবে এবং শিক্ষার্থীদের জন্য নতুন নতুন সুযোগ সৃষ্টি হবে
সংশ্লিষ্টদের মতে, এই স্বীকৃতি নীলফামারীর জন্য একটি গৌরবময় অর্জন। প্রাথমিক শিক্ষা উন্নয়নে জেলা প্রশাসকের উদ্যোগ ও নেতৃত্ব আগামী দিনেও জেলার শিক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী ও সমৃদ্ধ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।



