
মো: জাহিদুল ইসলাম,
ডিমলা (নীলফামারী) প্রতিনিধি।
শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস খাওয়ান, শিশুমৃত্যুর ঝুঁকি কমান’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারী জেলার ডিমলা উপজেলায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬-এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
রবিবার (২৮শে জুন) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ক্যাম্পেইনের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মো: ইমরানুজ্জামান। এ সময় আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো: রওশন কবির, নীলফামারী জেলা বিএনপির আহ্বায়ক কমিটির উপদেষ্টা অধ্যাপক রইসুল আলম চৌধুরী, ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য গোলাম রব্বানী প্রধান, ডিমলা সদর ইউনিয়নের যুবদলের যুগ্ন আহ্বায়ক সোহাগ খাঁন লোহানী, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মীর হাসান আল বান্না, উপজেলা জামায়াতে ইসলামীর নেতা মিলানুজ্জামান (মিন্টু), উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. রাশেদুজ্জামান, ডা. রেজাউল করিম প্রামানিকসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও স্বাস্থ্যকর্মীরা।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, এবারের ক্যাম্পেইনে উপজেলার ৬ থেকে ৫৯ মাস বয়সী মোট
৩৯ হাজার ৫৭১ জন শিশুকে উচ্চমাত্রার ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। উপজেলার বিভিন্ন স্থায়ী টিকাদান কেন্দ্রের পাশাপাশি অস্থায়ী কেন্দ্রগুলোতেও ৬ থেকে ১১ মাস বয়সী শিশুদের একটি করে নীল রঙের এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের একটি করে লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. রাশেদুজ্জামান বলেন, ৬ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের মধ্যে ভিটামিন ‘এ’-এর অভাবজনিত রাতকানা রোগের প্রকোপ এক শতাংশের নিচে নামিয়ে আনা, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি এবং অপুষ্টিজনিত শিশুমৃত্যুর ঝুঁকি কমানোই এ কর্মসূচির প্রধান লক্ষ্য।



