
সুজন আলী, রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি।
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে মাবুদ (২৩) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১০ অক্টোবর) বিকেলে উপজেলার লেহেম্বা ইউনিয়নের পদমপুর কাঁঠালতলী গ্রামের নিজ বাড়ির শয়নকক্ষ থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় তাঁর মা বাদী হয়ে থানায় একটি অপমৃত্যু মামলা করেছেন।
মাবুদ ওই গ্রামের মৃত মোবারক আলীর ছেলে।
পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, গত দুই দিন ধরে মাবুদকে কিছুটা অস্থির দেখাচ্ছিল। তবে কী কারণে তিনি অস্থির ছিলেন, তা পরিবারের কাউকে জানাননি। পরিবারের সদস্যরাও বিষয়টি নিয়ে তাঁর সঙ্গে বিস্তারিত কথা বলেননি।
ঘটনার দিন সকালে মাবুদ ও তাঁর ভাই একসঙ্গে নাশতা করেন। পরে তাঁর ভাই একটি সিম কোম্পানিতে চাকরির কাজে বেরিয়ে যান। আর তাঁর মা নিজেদের কৃষিজমিতে কাজ করতে যান। কাজ শেষে বাড়ি ফিরে মা ছেলেকে নিজের ঘরে ঘুমিয়ে থাকতে দেখেন। তাঁকে না ডেকে তিনি দুপুরের রান্না করতে যান।
রান্না শেষে বিকেল সাড়ে ৩টার দিকে ছেলেকে খেতে ডাকতে গিয়ে ঘরের দরজা ভেতর থেকে বন্ধ দেখতে পান তিনি। ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে দরজায় জোরে ধাক্কা দেন। এতে ভেতরের ছিটকিনি ভেঙে দরজা খুলে যায়। এ সময় ঘরের বাঁশের সরের সঙ্গে প্লাস্টিকের নাইলনের রশি দিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় ছেলেকে ঝুলতে দেখেন তিনি।
তাঁর চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসেন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং সুরতহাল প্রতিবেদন তৈরি করে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় পরবর্তী সময়ে দাফনের জন্য মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।
স্থানীয়রা জানান, মাবুদ শান্ত ও নম্র স্বভাবের ছিলেন। তবে তাঁর মৃত্যুর কারণ সম্পর্কে পরিবারের সদস্য বা স্থানীয় কেউ নিশ্চিত করে কিছু বলতে পারেননি।
রাণীশংকৈল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় মাবুদের মা বাদী হয়ে থানায় একটি অপমৃত্যু মামলা করেছেন।



