
মো: জাহিদুল ইসলাম,
ডিমলা (নীলফামারী) প্রতিনিধি।
নীলফামারীর পুলিশ সুপার জনাব মোহাম্মদ ফরহাদ হোসেন খাঁন এর নির্দেশনায় জেলা পুলিশের সাইবার সেল এর উদ্যোগে হারিয়ে যাওয়া ২৮টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করেছে। বৃহস্পতিবার ১৫ অক্টোবর নীলফামারী পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে উদ্ধার করা মোবাইল ফোনগুলো মালিকদের হাতে তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে মোবাইল ফোনগুলো হস্তান্তর করেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহসিন। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) এ.বি.এম. ফয়জুল ইসলাম ও সহকারী পুলিশ সুপার (প্রবেশনার) মো. মাহমুদ খান। পুলিশ সূত্রে জানা গেছে, জেলার বিভিন্ন থানায় হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধারে সাধারণ ডায়েরির (জিডি) ভিত্তিতে কাজ করে সাইবার সেল। আধুনিক তথ্যপ্রযুক্তির সহায়তায় অনুসন্ধান চালিয়ে এসব মোবাইল ফোন উদ্ধার করা হয়। পরে প্রকৃত মালিকদের শনাক্ত করে সে ফোন গুলো তাঁদের কাছে হস্তান্তর করা হয়। হারানো মোবাইল ফোন ফিরে পেয়ে সন্তোষ ও আনন্দ প্রকাশ করেন মালিকেরা। ফোন উদ্ধারে সহযোগিতার জন্য তাঁরা নীলফামারী জেলা পুলিশের প্রতি কৃতজ্ঞতা জানায়। তারা ফোন পুনরুদ্ধারের ক্ষেত্রে তাদের সহযোগিতার জন্য নীলফামারী জেলা পুলিশকে ধন্যবাদ জানান।
জেলা পুলিশ জানায়, প্রযুক্তিনির্ভর পুলিশিং কার্যক্রমের অংশ হিসেবে হারানো ও চুরি যাওয়া মোবাইল ফোন উদ্ধারে সাইবার সেল নিয়মিত কাজ করছে। তথ্যপ্রযুক্তির কার্যকর ব্যবহার ও পেশাদারত্বের মাধ্যমে এ ধরনের কার্যক্রম পরিচালিত হচ্ছে। হারানো মোবাইল ফোন উদ্ধার ও প্রকৃত মালিকদের কাছে ফিরিয়ে দেওয়ার এ উদ্যোগে জেলা পুলিশের প্রতি সাধারণ মানুষের আস্থা আরও জোরদার হবে বলে সংশ্লিষ্টরা আশা করছে।



