
বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: চট্টগ্রামে ট্রেনের ধাক্কায় মো. ফরহাদ শেখ (৩৫) নামে ফরিদপুরের বোয়ালমারীর এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকালে চট্টগ্রাম নগরের খুলশী থানার আমবাগান এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ফরহাদ বোয়ালমারী উপজেলার চুকিনগর গ্রামের শারীরিক প্রতিবন্ধী সোহরাব শেখের ছেলে। জীবিকার তাগিদে তিনি চট্টগ্রামে শ্রমিকের কাজ করতেন। রেলওয়ে পুলিশ জানায়, আমবাগান এলাকায় রেললাইন ধরে হাঁটার সময় ঢাকা অভিমুখী একটি ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে পরিচয়পত্র ও মুঠোফোনের মাধ্যমে পরিবারের সঙ্গে যোগাযোগ করে। স্বজনেরা চট্টগ্রামে গিয়ে মরদেহ শনাক্ত করেন। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ফরহাদের আকস্মিক মৃত্যুতে তাঁর পরিবার ও চুকিনগর গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।


