
মো: জাহিদুল ইসলাম,
ডিমলা (নীলফামারী) প্রতিনিধি।
নীলফামারীর ডিমলায় ৫০০ জন প্রান্তিক কৃষকের মাঝে কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) উপজেলার জনতা কলেজ মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে কৃষকদের হাতে এই উপকরণ তুলে দেওয়া হয়। এনসিসি ব্যাংক পিএলসির সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) কর্মসূচির আওতায় এ কার্যক্রমের আয়োজন করা হয়। এতে বিভিন্ন এলাকা থেকে আসা অসংখ্য কৃষক অংশ নেয়।
অনুষ্ঠানে এনসিসি ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক এম. শামসুল আরেফিন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন নীলফামারী-১ ডোমার ডিমলা আসনের বিএনপির সাবেক এমপি এবং বিএনপি’র কেন্দ্রীয় নেতা বাংলাদেশ এ্যাব-এর আহ্বায়ক জননেতা প্রকৌশলী ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিন, অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে বক্তব্য দেন ব্যাংকের চেয়ারম্যান মো. নূরুন নেওয়াজ সেলিম, এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইমরানুজ্জামান, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সাবেক উপদেষ্টা অধ্যাপক রইছুল আলম চৌধুরী, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সাবেক সদস্য মনোয়ার হোসেন, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সাবেক সদস্য গোলাম রব্বানী প্রধান, মহিলা দলের সাবেক কেন্দ্রীয় নেত্রী অধ্যাপিকা সেতারা সুলতানা, উপজেলা কৃষি কর্মকর্তা মীর হাসান আল বান্না। এ সময় উপস্থিত ছিলেন ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফুল ইসলাম। এছাড়া উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন জনপ্রতিনিধি ও এনসিসি ব্যাংকের কর্মকর্তা কর্মচারী সহ গণমাধ্যম কর্মীরা।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রকৌশলী তুহিন বলেন, উত্তরাঞ্চল, বিশেষ করে নীলফামারী ও রংপুর বিভাগের মানুষ দীর্ঘদিন ধরে অর্থনৈতিক ও শিক্ষাক্ষেত্রে নানা বৈষম্যের মুখোমুখি হয়ে আসছেন। এ অঞ্চলের মানুষের প্রতি দৃষ্টিভঙ্গির পরিবর্তন এনে উন্নয়নের মূলধারায় আরও শক্তভাবে যুক্ত করতে হবে।তিনি বলেন, অর্থের অভাবে যেন কোনো শিক্ষার্থী উচ্চশিক্ষার সুযোগ থেকে বঞ্চিত না হয়, সে বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা প্রয়োজন। মেধাবী শিক্ষার্থীদের জন্য বৃত্তি চালু এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলোর উন্নয়নে সহায়তা দিতে এনসিসি ব্যাংকের মতো দেশের অন্যান্য বাণিজ্যিক ব্যাংক ও প্রতিষ্ঠানকেও এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
কৃষকদের গুরুত্ব তুলে ধরে এ্যাবের আহ্বায়ক আরও বলেন, উত্তরাঞ্চলের অর্থনীতি মূলত কৃষিনির্ভর। কৃষকের আর্থিক সক্ষমতা বাড়ানো ছাড়া দেশের অর্থনীতিকে টেকসই করা সম্ভব নয়। দীর্ঘ প্রস্তুতির পর এনসিসি ব্যাংক নিজস্ব অর্থায়নে উন্নত জাতের বীজ ও প্রয়োজনীয় উপকরণ কৃষকদের হাতে তুলে দেওয়ায় তিনি ব্যাংকটির উদ্যোগের প্রশংসা করেন। তিনি আরও বলেন, দেশের সব ব্যাংক ও বড় প্রতিষ্ঠান যদি সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে প্রান্তিক মানুষ ও কৃষকদের জন্য এমন কার্যক্রম পরিচালনা করে, তাহলে আঞ্চলিক বৈষম্য কমানোর পাশাপাশি দেশের অর্থনৈতিক অগ্রগতিও আরও ত্বরান্বিত হবে।
দেশের প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন এবং আঞ্চলিক বৈষম্য কমাতে কৃষক ও শিক্ষার্থীদের পাশে ব্যাংকসহ প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানগুলোকে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানিয়েছেন অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (এ্যাব)-এর আহ্বায়ক প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিন।
অনুষ্ঠানে ব্যাংকের চেয়ারম্যান বলেন, দেশের খাদ্য উৎপাদন বাড়ানো এবং কৃষকদের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে এনসিসি ব্যাংক সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে দেশের বিভিন্ন এলাকায় কৃষকদের সরাসরি সহায়তা দিয়ে যাচ্ছে। এ কর্মসূচির আওতায় দেশের ২০ থেকে ৩০টি উপজেলায় কৃষি সহায়তা কার্যক্রম পরিচালনার পরিকল্পনা রয়েছে। প্রান্তিক কৃষকদের স্বাবলম্বী করে তোলাই এ উদ্যোগের মূল লক্ষ্য।
অনুষ্ঠানের শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিন কৃষকদের হাতে উপকরণ তুলে দেন।


