Thursday, November 12, 2026
Thursday, November 12, 2026
Homeবিশেষ প্রতিবেদনআমন ধান ঘরে তোলার মুহূর্তে ঠাকুরগাঁওয়ে শিলাবৃষ্টি, কিছুটা বিপাকে কৃষক।

আমন ধান ঘরে তোলার মুহূর্তে ঠাকুরগাঁওয়ে শিলাবৃষ্টি, কিছুটা বিপাকে কৃষক।

সুজন আলী, (রাণীশংকৈল) ঠাকুরগাঁও প্রতিনিধি :

আমন ধান কাটার ভরা মৌসুমে হঠাৎ বৃষ্টি ও শিলাবৃষ্টিতে কিছুটা বিপাকে পড়েছেন ঠাকুরগাঁওয়ের কৃষকেরা। বুধবার (১১ নভেম্বর) সন্ধ্যার পর জেলার রাণীশংকৈল, বালিয়াডাঙ্গী, হরিপুর, ঠাকুরগাঁও সদর ও ভূল্লী উপজেলার বিভিন্ন এলাকায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সঙ্গে হালকা শিলাপাত হয়। তবে এতে এখন পর্যন্ত আমন ধানের বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। বৃষ্টির কারণে ধান কাটা, সংগ্রহ ও মাড়াইয়ের কাজে কিছুটা বিঘ্ন ঘটেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সন্ধ্যা ৬টার পর হঠাৎ আকাশ মেঘাচ্ছন্ন হয়ে পড়ে। এরপর শুরু হয় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। কোথাও কোথাও বৃষ্টির সঙ্গে শিলাও পড়ে। আমন ধান ঘরে তোলার ব্যস্ত সময়ে এমন আকস্মিক আবহাওয়ার পরিবর্তনে কৃষকদের মধ্যে সাময়িক উদ্বেগ দেখা দেয়।
রাণীশংকৈল উপজেলার লেহেম্বা ইউনিয়নের কৃষক অনিক হোসেন বলেন, সন্ধ্যায় বৃষ্টির সঙ্গে হালকা শিলাপাত হয়েছে। তবে এতে আমন ধানের তেমন কোনো ক্ষতি হয়নি।
বালিয়াডাঙ্গী উপজেলার লাহিড়ী এলাকার কৃষক আবদুল জলিল বলেন, সন্ধ্যার পর বৃষ্টির সঙ্গে শিলা পড়লেও ধানের মাঠে বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। তবে ধান কাটার এই ব্যস্ত সময়ে বৃষ্টির কারণে কৃষিকাজে কিছুটা বিঘ্ন ঘটেছে।
হরিপুর উপজেলার কাঁঠালডাঙ্গী এলাকার কৃষক আনোয়ার হোসেন বলেন, ‘এখন আমন ধান ঘরে তোলার চূড়ান্ত সময়। এ সময়ে বৃষ্টি হওয়ায় মাঠ থেকে ধান সংগ্রহ ও মাড়াইয়ের কাজে কিছুটা সমস্যা হচ্ছে। তাই যত দ্রুত সম্ভব ধান ঘরে তোলার চেষ্টা করছেন কৃষকেরা।’

একই ধরনের কথা জানিয়েছেন ঠাকুরগাঁও সদর উপজেলার আখানগর এলাকার কৃষক আবদুল কাদের ও ভূল্লী এলাকার রবিউল ইসলাম। তাঁদের ভাষ্য, ধান কাটার মৌসুমে বৃষ্টি হলে স্বাভাবিকভাবেই কৃষিকাজে কিছুটা বিঘ্ন ঘটে। তবে বৃষ্টির পরিমাণ কম হওয়ায় এবার বড় ধরনের ভোগান্তিতে পড়তে হয়নি। তারপরও ধান শুকানো ও মাড়াইয়ের প্রস্তুতিতে কিছুটা বিঘ্ন ঘটেছে।

এ বিষয়ে ঠাকুরগাঁও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ মাজেদুল ইসলাম বলেন, জেলার ভূল্লী, গড়েয়া, রাণীশংকৈল উপজেলা ও বালিয়াডাঙ্গী উপজেলার ভানোর এবং হরিপুর উপজেলার কাঁঠালডাঙ্গী এলাকায় শিলাবৃষ্টির খবর পাওয়া গেছে। তবে এখন পর্যন্ত ফসলের বড় ধরনের ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি। মাঠপর্যায়ে খোঁজখবর নিয়ে ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ নিরূপণ করা হবে।

রাণীশংকৈল উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ লায়লা আরজুমান বলেন, বুধবার সন্ধ্যায় উপজেলার নেকমরদ ও লেহেম্বা ইউনিয়নের কয়েকটি এলাকায় হালকা বৃষ্টি ও শিলাবৃষ্টি হয়েছে। তবে এতে আমন ধানের তেমন কোনো ক্ষতি হয়নি বলে প্রাথমিকভাবে জানা গেছে।

সম্পর্কিত খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সাম্প্রতিক পোস্ট

সাম্প্রতিক মন্তব্য