
সুজন আলী, রাণীশংকৈল প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে রবি মৌসুমে সরিষার আবাদ ও উৎপাদন বাড়াতে ৮ হাজার ২০০ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকেলে উপজেলা কৃষি অফিস চত্বরে ২০২৬-২০২৭ অর্থবছরের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ লায়লা আরজুমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইশরাত জাহান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত কৃষি কর্মকর্তা সাবের আলম, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা দীপক রায়, উপজেলা বিএনপির সহসভাপতি শাহাদাত হোসেন, পৌর বিএনপির সভাপতি অধ্যাপক শাহজাহান আলী, সাধারণ সম্পাদক মহসিন আলী, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এম আর বকুল মজুমদার এবং মহিলা দলের আহ্বায়ক মনিরা বিশ্বাস।
এ সময় কৃষি বিভাগের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় সাংবাদিক, প্রণোদনা নিতে আসা কৃষকসহ বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, এ কর্মসূচির আওতায় প্রত্যেক কৃষক এক বিঘা জমিতে সরিষা চাষের জন্য বিনামূল্যে ১ কেজি সরিষার বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার পাবেন।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ লায়লা আরজুমান বলেন, কৃষকদের চাষাবাদে উৎসাহিত করা, উৎপাদন খরচ কমানো এবং সরিষার আবাদ সম্প্রসারণের লক্ষ্যে সরকার এ প্রণোদনা দিচ্ছে। সরবরাহ করা বীজ ও সার সঠিকভাবে ব্যবহার করলে কৃষকরা ভালো ফলন পাবেন বলে আশা করছি। কৃষকদের সার্বিক সহযোগিতায় উপজেলা কৃষি বিভাগ সবসময় পাশে রয়েছে।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও ইশরাত জাহান বলেন, বর্তমান কৃষিবান্ধব সরকার কৃষকের উৎপাদন খরচ কমানো এবং তেলজাতীয় ফসলের উৎপাদন বাড়াতে বিভিন্ন ধরনের সহায়তা দিয়ে যাচ্ছে। প্রান্তিক কৃষকদের কাছে সময়মতো মানসম্মত বীজ ও সার পৌঁছে দেওয়ার মাধ্যমে উপজেলার কৃষি উৎপাদন, খাদ্যনিরাপত্তা ও অর্থনৈতিক সক্ষমতা আরও সুদৃঢ় হবে। তিনি কৃষকদের নির্ধারিত নিয়মে বীজ ও সার প্রয়োগ করে সরিষার সর্বোচ্চ ফলন নিশ্চিত করার আহ্বান জানান।।



