
জাহিদুল ইসলাম,
ডিমলা (নীলফামারী) প্রতিনিধি।
বাংলাদেশ জামায়াতে ইসলামী যুব ও ক্রীড়া বিভাগের উদ্যোগে নীলফামারী জেলার ডিমলা উপজেলায় মাদকবিরোধী বর্ণাঢ্য র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৬ জুন) আয়োজিত কর্মসূচিতে উপজেলার বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল, যুববিভাগের দায়িত্বশীল নেতা কর্মীরা অংশগ্রহণ করেন। র্যালিটি উপজেলার বিজয় চত্বরসহ গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে নির্ধারিত স্থানে এসে শেষ হয়। এ সময় র্যালিতে জামায়াতে ইসলামীর নেতা কর্মীরা স্লোগান দেয় মাদককে না বলি, সুস্থ-সুন্দর নিরাপদ সমাজ গড়ি। পরে সেখানে এক সমাবেশে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য দেন উপজেলা আমীর অধ্যাপক মাওলানা মুজিবুর রহমান, উপজেলা নায়েবে আমীর অধ্যাপক কাজী হাবিবুর রহমান, উপজেলা সেক্রেটারি কাজী রুকুজ্জামান বকুলসহ উপজেলা জামায়াতের নেতা কর্মীরা।
বক্তারা বলেন, মাদক ব্যক্তি, পরিবার ও সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। যুবসমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে পরিবার, সমাজ ও রাষ্ট্রকে সমন্বিতভাবে কাজ করতে হবে। তারা মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতির প্রতি দৃঢ় সমর্থন ব্যক্ত করে সবাইকে মাদকমুক্ত সমাজ গঠনে এগিয়ে আসার আহ্বান জানান। বক্তারা আরও বলেন, ইসলামের আদর্শ, কুরআন-সুন্নাহর শিক্ষা ও নৈতিক মূল্যবোধের চর্চাই একটি সুন্দর, শান্তিপূর্ণ ও মাদকমুক্ত নিরাপদ সমাজ প্রতিষ্ঠা করতে পারে।


