
মো: জাহিদুল ইসলাম,
ডিমলা (নীলফামারী) প্রতিনিধি।
নীলফামারী জেলার ডিমলা উপজেলায় কৃষকদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে পার্টনার কংগ্রেস- ২০২৫-২০২৬। কৃষি উন্নয়ন, আধুনিক প্রযুক্তি সম্প্রসারণ এবং অভিজ্ঞতা বিনিময়কে কেন্দ্র করে আয়োজিত এ কর্মসূচিতে অংশ নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় কৃষকেরা। দিনব্যাপী এ আয়োজনকে ঘিরে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত কৃষক-কৃষাণীদের উপস্থিতিতে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
উৎসবমুখর পরিবেশে দিনব্যাপী আয়োজন
বৃহস্পতিবার (১৮ জুন) ডিমলা উপজেলা পরিষদ চত্বরে এ পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয়। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এবং ‘প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার)’ প্রকল্পের আওতায় এ কংগ্রেসের আয়োজন করা হয়। এতে উপজেলার ১০টি ইউনিয়নের পিএফএস (ফার্মার ফিল্ড স্কুল) ও নন-পিএফএস পার্টনার ফিল্ড স্কুলের সদস্যগন ও কৃষকেরা অংশগ্রহণ করেন।
আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহার, পুষ্টিনির্ভর কৃষি, কৃষিপণ্যের মূল্যশৃঙ্খল উন্নয়ন, কৃষি যান্ত্রিকীকরণ এবং টেকসই কৃষি ব্যবস্থাপনা বিষয়ে বিভিন্ন প্রদর্শনী, আলোচনা ও অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে আয়োজনটি প্রাণবন্ত হয়ে ওঠে। মূল উদ্দেশ্য: প্রযুক্তি ও অভিজ্ঞতা ছড়িয়ে দেওয়া আয়োজকরা জানান, পার্টনার কংগ্রেসের মূল উদ্দেশ্য ছিল পিএফএসে প্রশিক্ষণপ্রাপ্ত কৃষকদের প্যাকেজ প্রযুক্তিবিষয়ক জ্ঞান, দক্ষতা ও অভিজ্ঞতা প্রকল্প এলাকার অন্যান্য নন-পিএফএস কৃষক-কৃষাণীদের মধ্যে ছড়িয়ে দেওয়া। পাশাপাশি নতুন উদ্ভাবিত প্রযুক্তি, খাদ্য ও পুষ্টি নিরাপত্তা এবং কৃষিপণ্যের মূল্যশৃঙ্খল বিষয়ে বাস্তব প্রয়োগে কৃষকদের উদ্বুদ্ধ করাও ছিল এ আয়োজনের অন্যতম লক্ষ্য। এ ছাড়া সকল পিএফএসকে ‘ফার্মার সার্ভিস সেন্টারে’ রূপান্তরের লক্ষ্যে প্রয়োজনীয় সাংগঠনিক দক্ষতা বৃদ্ধি ও কৃষকদের সক্ষমতা উন্নয়নের বিষয়ে গুরুত্বারোপ করা হয়। পার্টনার প্রকল্পের মূল লক্ষ্য হলো নতুন কৃষি উদ্যোক্তা সৃষ্টি এবং গ্রামীণ অর্থনীতিতে গতি সঞ্চার করা। দেশের কৃষিকে খোরপোষভিত্তিক চাষাবাদ থেকে বাণিজ্যিক কৃষিতে রূপান্তর, খাদ্য ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণ এবং জলবায়ু সহনশীল কৃষি ব্যবস্থা গড়ে তুলতে এ প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
বাণিজ্যিক কৃষিতে রূপান্তরই লক্ষ্য, অনুষ্ঠানে ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইমরানুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত উপপরিচালক (উদ্যান) মো. সাদেকুজ্জামান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) রওশন কবির, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আ ন ম শিবলী সাদিক, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মীর হাসান আল বান্না, জেলা বিএনপির উপদেষ্টা অধ্যাপক রইসুল আলম চৌধুরী, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য গোলাম রব্বানী প্রধান, বাংলাদেশ জামায়াতে ইসলামীর উপজেলা আমির অধ্যাপক মজিবুর রহমান, বিভিন্ন দপ্তরের সহকারী কৃষি কর্মকর্তারাসহ সরকারি-বেসরকারি সংস্থার প্রতিনিধি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, কৃষি প্রযুক্তির প্রসার, অভিজ্ঞতা বিনিময় এবং প্রান্তিক কৃষকদের সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে টেকসই কৃষি উন্নয়নে ‘পার্টনার কংগ্রেস-২০২৬’ এক যুগান্তকারী ভূমিকা রাখবে। এবং কৃষিই আমাদের অর্থনীতির অন্যতম প্রধান চালিকাশক্তি। পার্টনার প্রকল্প কৃষকদের উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার পাশাপাশি গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করতে ভূমিকা রাখবে। কৃষিকে লাভজনক ও টেকসই করতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।



