Tuesday, May 19, 2026
Tuesday, May 19, 2026
Homeসারা বাংলাডিমলায় ৩ দিনব্যাপী ভূমি সেবা মেলার উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা...

ডিমলায় ৩ দিনব্যাপী ভূমি সেবা মেলার উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত।

মো: জাহিদুল ইসলাম,
ডিমলা (নীলফামারী) প্রতিনিধি।

সারাদেশের ন্যায় নীলফামারী জেলার ডিমলা উপজেলায় অনুষ্ঠিত হয়েছে ৩ দিনব্যাপী ‘ভূমি সেবা সপ্তাহ ও ভূমি সেবা মেলার-২০২৬ এর উদ্বোধন। মঙ্গলবার (১৯ মে) সকালে উপজেলা ভূমি অফিস কার্যালয় মাঠে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে এ মেলার কার্যক্রম অনুষ্ঠিত হয়। ১৯ মে, ২০২৬ তারিখে ঢাকায় ভূমি ভবনে মেলার উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান।

এবারের মেলার প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে, জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ। ডিজিটাল ভূমি ব্যবস্থাপনার মাধ্যমে সাধারণ মানুষের দোরগোড়ায় দ্রুত, স্বচ্ছ ও হয়রানিমুক্ত সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এ আয়োজন বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরানুজ্জামান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডোমার-ডিমলা আসনের সংসদ সদস্য অধ্যক্ষ আব্দুস সাত্তার।

অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারী কমিশনার (ভূমি) রওশন কবির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মীর হাসান আল বান্না, ডিমলা থানার অফিসার ইনচার্জ শওকত আলী সরকার, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বীরেন্দ্রনাথ রায়, আনসার ও ভিডিপি কর্মকর্তা ফারুক হোসেন, নীলফামারী জেলা বিএনপির আহ্বায়ক কমিটির উপদেষ্টা অধ্যাপক রইসুল আলম চৌধুরী, এবং নীলফামারী জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য গোলাম রব্বানী প্রধান, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আবুল কাশেম, আরিফুল ইসলাম লিটন, ও রকুনুজ্জামান বকুলসহ বিভিন্ন ইউনিয়নের উপ-ভূমি কর্মকর্তারা।

এছাড়াও অনুষ্ঠানে রাজনৈতিক নেতা, জনপ্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থী, গণমাধ্যম কর্মী সুধীজন ও সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা যায়। উদ্বোধনের পর অতিথিরা মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন। পরে একটি বর্ণাঢ্য র‍্যালি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‍্যালি শেষে উপজেলা পরিষদ কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।

আলোচনা সভায় বক্তারা ভূমি ব্যবস্থাপনায় ডিজিটাল প্রযুক্তির গুরুত্ব তুলে ধরে বলেন, আধুনিক প্রযুক্তিনির্ভর সেবা চালুর ফলে জনগণ দ্রুত ও ঝামেলামুক্তভাবে ভূমি সংক্রান্ত সেবা গ্রহণ করতে পারবেন। একই সঙ্গে ভূমি ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হবে এবং দুর্নীতি ও হয়রানি অনেকাংশে কমে আসবে।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, মেলায় অনলাইনে নামজারি আবেদন, ভূমি উন্নয়ন কর প্রদান, ই-পর্চা সংগ্রহ, নামজারি ও খারিজসহ বিভিন্ন ডিজিটাল ভূমিসেবা প্রদান করা হচ্ছে। এছাড়া ভূমি সংক্রান্ত জটিলতা দ্রুত সমাধানে প্রয়োজনীয় পরামর্শ ও সহায়তা দেওয়া হচ্ছে। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, তিন দিনব্যাপী এ মেলার মাধ্যমে সাধারণ মানুষ ভূমি সংক্রান্ত নানা সমস্যা ও জটিলতা সম্পর্কে সচেতন হওয়ার পাশাপাশি সহজ, দ্রুত ও স্বচ্ছ সরকারি সেবা গ্রহণের সুযোগ পাবেন।

সম্পর্কিত খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সাম্প্রতিক পোস্ট

সাম্প্রতিক মন্তব্য

%d bloggers like this: