
মো: জাহিদুল ইসলাম,
ডিমলা (নীলফামারী) প্রতিনিধি।
এক দেশ, এক কিউআর লেনদেনে বাংলা কিউআর এই স্লোগানে নীলফামারী জেলার ডিমলা উপজেলার পূবালী ব্যাংক শুটিবাড়ি শাখায় পিএলসির ‘ক্যাশলেস বাংলাদেশ’ ক্যাম্পেইনের বাংলা কিউআর সেবার উদ্বোধন ও আলোচনা সভা ও বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে।
২৮শে জুলাই মঙ্গলবার, শুটিবাড়ি পূবালী ব্যাংক শাখার শাখা ব্যবস্থাপক মোঃ মোরছালিন শাহ’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূবালী ব্যাংক পিএলসির নীলফামারী শাখার ব্যবস্থাপক এ.টি.এম. রেদওয়ানুর রশিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গয়াবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শরিফ ইবনে ফয়সাল মুন ও টেপাখড়িবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল ইসলাম শাহিন। এছাড়া ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় ব্যবসায়ী, গ্রাহক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
এ সময় আলোচনা সভায় বক্তারা বলেন, ‘বাংলা কিউআর’ বাংলাদেশ সরকার এবং বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে বাংলাদেশ গড়ার একটি সময়োপযোগী পদক্ষেপ। কিউআর এর মাধ্যমে ব্যবসায়ী ও গ্রাহকরা সহজে, দ্রুত এবং নিরাপদে ডিজিটাল লেনদেন করতে পারবেন। এতে নগদ অর্থ বহনের ঝুঁকি কমবে এবং একটি স্বচ্ছ ও আধুনিক আর্থিক ব্যবস্থা গড়ে উঠবে। বক্তারা আরো বলেন, পূবালী ব্যাংক তার গ্রাহকদের আধুনিক ও প্রযুক্তি ভিত্তিক ব্যাংকিং সেবা প্রদানে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে। বাংলাদেশ গঠনে বাংলা কিউআর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।


