
মো: জাহিদুল ইসলাম,
ডিমলা (নীলফামারী) প্রতিনিধি।
নীলফামারী জেলা পুলিশের সাইবার সেলের উদ্যোগে দ্বিতীয় দফায় আরও ৩০টি হারানো মোবাইল ফোন উদ্ধার করেছে। পরে উদ্ধার করা ৩০টি হারানো মোবাইল ফোন প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করা হয়েছে।
বৃহস্পতিবার নীলফামারী পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে মোবাইল ফোনগুলো মালিকদের হাতে তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মোবাইল ফোন হস্তান্তর করেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ মোহসিন। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) এ বি এম ফয়জুল ইসলাম।
উদ্ধার করা মোবাইল ফোনগুলোর মধ্যে বিভিন্ন নামীদামি ব্র্যান্ডের হ্যান্ডসেট রয়েছে। দীর্ঘদিন পর হারানো শখের মোবাইল ফোন ফিরে পেয়ে আনন্দ প্রকাশ করেন মালিকরা। এ সময় তারা জেলা পুলিশের এমন জনবান্ধব উদ্যোগের প্রশংসা করে কৃতজ্ঞতা জানায়। জেলা পুলিশ জানিয়েছে, প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করে জনগণের হারানো সম্পদ উদ্ধার এবং সাইবার অপরাধ দমনে সাইবার সেলের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।



