
সিলেট বিভাগ উন্নয়ন পরিষদ নির্বাচনে রাগীব-আহাদ-নজরুল চৌধুরী সমন্বয় পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার নগরীর বন্দরবাজারস্থ মধুবন সুপার মার্কেটের ৬ষ্ট তলায় রাগীব-রাবেয়া মিউজিয়ামে এ সভার আয়োজন করা হয়।
রাগীব-আহাদ-নজরুল চৌধুরী সমন্বয় পরিষদের উদ্যোগে আজীবন সদস্যদের নিয়ে আয়োজিত মতবিনিময় সভায় বক্তারা আগামী ২ অক্টোবরের নির্বাচনে এই পরিষদকে বিজয়ী করার আহবান জানান। বক্তারা বলেন, রাগীব-আহাদ-নজরুল চৌধুরী সমন্বয় পরিষদ নির্বাচনে বিজয়ী হলে সিলেটের সামগ্রিক উন্নয়নে শক্তিশালী ভূমিকা রাখতে সক্ষম হবে। এ জন্য তারা সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টা চালানোর ওপর গুরুত্ব আরোপ করেন। বক্তারা বলেন, শিক্ষা-স্বাস্থ্যসহ বিভিন্ন ক্ষেত্রে সিলেট অঞ্চল পিছিয়ে রয়েছে। এই প্রতিবন্ধকতা কাটিয়ে সিলেটকে এগিয়ে নিতে এই পরিষদ কার্যকর ভূমিকা রাখতে পারবে বলেও অভিমত ব্যক্ত করেন তারা।
সিলেট বিভাগ উন্নয়ন পরিষদ কল্যাণ ট্রাস্টের সাধারণ সম্পাদক, কেন্দ্রীয় আজীবন ও দাতা সদস্য আব্দুস শাকুর চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে লিডিং ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ তাজ উদ্দিন বলেন, সিলেট বিভাগ উন্নয়ন পরিষদ নির্বাচনে রাগীব-আহাদ-নজরুল চৌধুরী সমন্বয় পরিষদের বিজয় অত্যন্ত জরুরি। এই পরিষদে সম্পৃক্ত রয়েছেন মানব কল্যাণে নিবেদিত প্রাণ দানবীর ড. রাগীব আলী। যার চিন্তা চেতনা মানব সম্পদের উন্নয়ন। এ জন্য তিনি গড়ে তুলেছেন শিক্ষা ও সমাজসেবামূলক অসংখ্য প্রতিষ্ঠান। তিনি ও তাঁর পরিষদ বিজয়ী হলে সিলেটের কল্যাণে অনেক কাজ করা সহজ হবে বলেও মন্তব্য করেন তিনি।
সিলেট বিভাগ উন্নয়ন পরিষদের আজীবন সদস্য ও মহানগরের সাবেক সদস্য সচিব লুৎফুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট বিভাগ উন্নয়ন পরিষদের আজীবন সদস্য, বিশিষ্ট শিল্পপতি আলহাজ মো. কাপ্তান হোসেন।
মতবিনিময় সভায় রাগীব-আহাদ-নজরুল চৌধুরী সমন্বয় পরিষদের সভাপতি পদপ্রার্থী, সিলেট বিভাগ উন্নয়ন পরিষদ কল্যাণ ট্রাস্টের আজীবন চেয়ারম্যান ও রাগীব-রাবেয়া ফাউন্ডেশনের চেয়ারম্যান দানবীর ড. রাগীব আলী বলেন, প্রাণের প্রতিষ্ঠান সিলেট বিভাগ উন্নয়ন পরিষদকে এগিয়ে নিতেই নির্বাচনে প্রার্থী হয়েছি। তিনি বলেন, সকলের প্রচেষ্টায় আমাদের পরিষদ বিজয়ী হলে অতীতের চেয়ে আরো অনেক বেশী কাজ করতে সক্ষম হবে। এতে গোটা সিলেটবাসী উপকৃত হবেন। এজন্য তিনি সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন।
সিলেট বিভাগ উন্নয়ন পরিষদের আজীবন সদস্য শাহ মুর্তজা আহমেদের কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন রাগীব-আহাদ-নজরুল চৌধুরী সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক পদপ্রার্থী লায়ন আহাদ উদ্দিন চৌধুরী, এই পরিষদের অর্থ সম্পাদক পদপ্রার্থী মো. নজরুল ইসলাম চৌধুরী, যুগ্ম-সাংগঠনিক সম্পাদক পদপ্রার্থী এডভোকেট মো. তাজুল ইসলাম, নির্বাহী সদস্য পদপ্রার্থী ব্যারিস্টার ফয়েজ উদ্দিন আহমদ, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক পদপ্রার্থী শাহ আলম কবির, পরিষদের সিলেট জেলা শাখার প্রাক্তন সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় আজীবন সদস্য হুমায়ুন কবির শাহিন, কেন্দ্রীয় আজীবন সদস্য এডভোকেট সমর বিজয় সী শেখর, বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত সহ-সভাপতি এ.এস.এম. কামরুজ্জামান, পরিষদের আজীবন সদস্য নূর উদ্দিন আহমদ বীরপ্রতীক, ধ্রুব গৌতম, আলহাজ্ব কাপ্তান হোসেন, সন্দীপ মোহন দাশ, কামরুজ্জামান হেলাল, কামাল মিয়া জয়নাল, সাংবাদিক আফতাব চৌধুরী, লিডিং ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের সদস্য দেওয়ান সাকিব আহমদ ও মো. জাকির হোসাইন, লিডিং ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের সচিব ইঞ্জিনিয়ার মো. লুফকর রহমান, সেকশন অফিসার জসীম আল ফাহিম, মাহবুব আলম, নেওয়াজ চৌধুরী, মো. মামুনুর রশীদ, মো. শহিদুল ইসলাম, মো. এহছানুল হক তাহের, মো. মাহফুজুর রহমান, কয়েস আহমদ সাগর, সন্তোষ সরকার, মো. আবদুল কালাম, ফয়জুর রহমান, সৈয়দ শাহিনুল ইসলাম প্রমুখ।-


