
মুকুল বসু বোয়ালমারী প্রতিনিধি :
১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে ফরিদপুরের বোয়ালমারী উপজেলা প্রশাসনের আয়োজনে ভোরে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে বিজয়ের শুভ সুচনা শুরু হয়। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারি, বেসরকারি ভবনসমূহে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। সকাল পৌনে সাতটায় উপজেলা পরিষদ চত্বর থেকে বোয়ালমারী সরকারি কলেজ সংলগ্ন গণকবর পর্যন্ত বিজয় র্যালি অনুষ্ঠিত হয়। সকাল ৭টায় মহান মুক্তিযুদ্ধে নিহত শহীদদের বোয়ালমারী সরকারি কলেজ সংলগ্ন গণকবর জিয়ারত ও পুস্পস্তবক অর্পণ করেন উপজেলা প্রশাসন, পৌরসভা, থানা প্রশাসন, বোয়ালমারী প্রেসক্লাব, বিএনপি ও তার অঙ্গ সংগঠন, স্বাস্থ্য কমপ্লেক্স,পল্লী বিদ্যুৎ, রেজিস্ট্রি অফিসসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান।সকাল সাড়ে আটটায় বোয়ালমারী জর্জ একাডেমির খেলার মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, সালাম গ্রহণ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে কুচকাওয়াজ, শরীর চর্চা প্রদর্শনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ফরিদপুর-১ আসনের সাবেক সাংসদ খন্দকার নাসিরুল ইসলাম, ইউএনও এস এম রকিবুল হাসান, এসিল্যান্ড শিব্বির আহমেদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. নাজমুল হাসান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. জালাল উদ্দীন, ওসি আনোয়ার হোসেন, কৃষি কর্মকর্তা আলভীর রহমান, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শওকত আলী, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. জাকির হোসেন, সমাজসেবা কর্মকর্তা কারিজুল ইসলাম, পল্লী উন্নয়ন বোর্ড কর্মকর্তা তাপস শাখারী প্রমুখ। পরে সকাল ১১টায় বোয়ালমারী সরকারি বালিকা বিদ্যালয়ে সর্বস্তরের বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিকাল ৩টায় উপজেলা পরিষদ চত্বরে বিজয় মেলা অনুষ্ঠিত হয়। এছাড়া বিকাল চারটায় জর্জ একাডেমির খেলার মাঠে বীরমুক্তিযোদ্ধা একাদশ বনাম সাংবাদিক একাদশ এবং উপজেলা পরিষদ একাদশ বনাম পৌরসভা একাদশের মধ্যে ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। দিবসটি উপলক্ষে গুরুত্বপূর্ণ সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত এবং বেসরকারি ভবন, স্থাপনাসমূহে আলোকসজ্জার ব্যবস্থা করা হয়।



