
মুকুল বসু বোয়ালমারী প্রতিনিধি :
ফরিদপুরের বোয়ালমারীতে ট্রেনে কাটা পড়ে আনজিরা বেগম (৫৮) নামে এক মহিলা মারা গেছে। বৃহস্পতিবার (২২.০১.২৬) বিকেল ৫ টায় উপজেলার ছোলনা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আনজিরা আলফাডাঙ্গা উপজেলার যুগিবরাট গ্রামের মৃত জিন্নাত মোল্যার স্ত্রী। তিনি ছেলে আনিচের (৪০) সাথে ছোলনায় ভাড়া বাসায় বাস করতেন। জানা যায়, ভাটিয়াপাড়া থেকে ছেড়ে আসা কালুখালীগামী লোকাল ট্রেন ছোলনা নান্নু কাউন্সিলরের (সাবেক) বাড়ির সামনে রেল গেটে পৌঁছলে বয়স্ক মহিলা ট্রেনের নিচে পড়ে যায়। রেল লাইনের অপর পাশ থেকে কাপড় নিয়ে ফেরার সময় স্লিপ করে তিনি রেললাইনের উপর পড়ে যান। ট্রেনে কাটা পড়ে দেহ থেকে মাথা ও ডান হাত বিচ্ছিন্ন হয়ে যায়। বোয়ালমারী থানার অফিসার ইনচার্জ মো. আনোয়ার হোসেন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, রেলওয়ে পুলিশ আইনগত বিষয়টি দেখবেন।



