
মুকুল বসু
বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারী উপজেলা বিএনপির তিন নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডের অভিযোগ প্রমাণিত হওয়ায় তাদের বহিষ্কার করা হয়। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাতে ফরিদপুর জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদাররেস আলী ইছা ও সদস্যসচিব এ কে এম কিবরিয়া স্বপনের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বহিষ্কৃত তিনজন হলেন, বোয়ালমারী উপজেলা বিএনপির সহ-সভাপতি শামসুদ্দিন মিয়া ঝুনু, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মজিবর রহমান বাবু ও উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি বিশ্বজিৎ রাজবংশী।
বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডের অভিযোগ থাকায় এবং তা প্রমাণিত হওয়ায় বোয়ালমারী উপজেলা বিএনপির সব পদবি থেকে ওই তিন নেতাকে বহিষ্কার করা হয়। এ সিদ্ধান্ত ৬ ফেব্রুয়ারি থেকে কার্যকর হয়েছে। বিএনপির সর্বস্তরের নেতাকর্মীদের বহিষ্কৃতদের সঙ্গে কোনো রাজনৈতিক সম্পর্ক না রাখার জন্যও নির্দেশনা দেওয়া হয়েছে।
বোয়ালমারী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সঞ্জয় সাহা বিষয়টি নিশ্চিত করে দেশ রূপান্তরকে বলেন, দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডের অভিযোগ থাকায় এবং অভিযোগ প্রমাণিত হওয়ায় তিন নেতাকে দলের সব পদ থেকে বহিষ্কার করা হয়েছে।



