
ঢাকা, ০২ জুলাই ২০২৬ (বৃহস্পতিবার):
মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (এমআইএসটি)-এর জন্য এক গৌরনোজ্জ্বল আন্তর্জাতিক সাফল্য অর্জন করেছে ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (ইইসিই) বিভাগের শিক্ষার্থীদের নিয়ে গঠিত MIST MAVIROV দল। কানাডার নিউফাউন্ডল্যান্ড অ্যান্ড ল্যাব্রাডরে ২৩ থেকে ২৭ জুন ২০২৬ তারিখে অনুষ্ঠিত MATE ROV International Underwater Robot Competition 2026-এ অংশগ্রহণ করে দলটি চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। বিশ্বের ১৬টি দেশের ৭৭টি দলের অংশগ্রহণে অনুষ্ঠিত এই মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক প্রতিযোগিতায় যুক্তরাষ্ট্র, কানাডা, চীন, সৌদি আরবসহ বিভিন্ন দেশের শীর্ষ বিশ্ববিদ্যালয় ও প্রতিষ্ঠানের প্রতিযোগীদের সঙ্গে টানা তিন দিন কঠোর প্রযুক্তিগত ও ব্যাবহারিক পরীক্ষায় অংশ নেয় MIST MAVIROV। উদ্ভাবনী চিন্তাশক্তি, প্রকৌশল দক্ষতা, সমস্যা সমাধানের সক্ষমতা এবং অসাধারণ দলগত সমন্বয়ের মাধ্যমে দলটি প্রথম স্থান অর্জন করে। এমআইএসটির ইইসিই বিভাগের শিক্ষার্থীদের নিয়ে গঠিত MIST MAVIROV দীর্ঘদিন ধরে আন্ডার ওয়াটার রোবট প্রযুক্তি নিয়ে গবেষণা ও উদ্ভাবনী কার্যক্রম পরিচালনা করে আসছে। এমআইএসটি এই অসাধারণ অর্জনের জন্য সংশ্লিষ্ট শিক্ষার্থী, শিক্ষক, মেন্টর এবং সকল পৃষ্ঠপোষক ও সহযোগী প্রতিষ্ঠানের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছে।


