
শিবগঞ্জ উপজেলা প্রতিনিধিঃ
দীর্ঘ এক বছর পর কুড়িগ্রাম সীমান্ত দিয়ে পুশ-ইন হওয়া শিশুসহ ৪ নাগরিককে চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত দিয়ে ফেরত নিয়েছে বিএসএফ।বুধবার বিকেলে চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর ইমিগ্রেশন দিয়ে তাদেরকে বিএসএফের নিকট হস্তান্তর করা হয়। এসময় রাজশাহীস্থ ভারতীয় সহকারী হাইকমিশনার কার্যালয়ের উর্দ্বতন কর্মকর্তা, সোনামসজিদ স্থলবন্দর ইমিগ্রেশন ও বিজিবির কর্মকর্তারা উপস্থিত ছিলেন। দীর্ঘ এক বছর পর নিজ দেশে ফিরে যেতে পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন বাংলাদেশে পুশ-ইনের শিকার ওই চার ভারতীয় নাগরিক। এসময় তারা নিজ দেশে ফিরে যেতে পেরে দুই দেশের সরকারের প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেন। ভারতে ফেরত চার নাগরিকের মধ্যে রয়েছে শিশু, কিশোর, নারী ও যুবক।এর আগে গতবছরের জুনে কুড়িগ্রাম সীমান্ত দিয়ে এই ৪ জনসহ মোট ৬ জনকে পুশ ইন করে বিএসএফ। পরে আদালতের নির্দেশে গতবছরের ৫ ডিসেম্বর সোনালী বেগম ও তার ছেলেকে ফেরত নেয় ভারতীয় কর্তৃপক্ষ। আজ ফেরত যাওয়া ভারতীয় নাগরিকরা পশ্চিমবঙ্গের বীরভূম জেলার বাসিন্দা। আইনী জটিলতা ও ভারতীয় কর্তৃপক্ষের অনিহায় আদালতের নির্দেশে এই চার ভারতীয় নাগরিক চাঁপাইনবাবগঞ্জের এক জিম্মাদারের বাসায় ৭ মাসের অধিক সময় ধরে অবস্থান করছিলেন। পুশ-ইনের পর গত ২০ আগস্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশ অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে তাদেরকে আটক কর বিজিবিকে সোপর্দ করলে তাদের বিরুদ্ধে মামলা হয় এবং তারা তিন মাস কারা বরণ করে।


