
সুজন আলী, রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি।
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় পুকুরের পানিতে ডুবে সোনিয়া আক্তার (৯) নামে এক মাদ্রাসাছাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (১০ জুলাই) দুপুরে উপজেলার ধর্মগড় ইউনিয়নের কাউন্সিল বাজার লাইটিং ব্রিজ-সংলগ্ন কাউন্সিল মহিলা হাফিজিয়া মাদ্রাসার পাশের একটি পুকুরে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দুপুর ১টার দিকে কাউন্সিল মহিলা হাফিজিয়া মাদ্রাসার কয়েকজন শিক্ষার্থী গোসলের জন্য মাদ্রাসার পাশের বৃষ্টির পানিতে পরিপূর্ণ একটি পুকুরে নামে। একপর্যায়ে সোনিয়া আক্তার পানিতে তলিয়ে যায়। বিষয়টি টের পেয়ে তার সহপাঠীরা দ্রুত মাদ্রাসার শিক্ষকদের খবর দেয়। পরে স্থানীয়দের সহযোগিতায় তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে। এসময় ঘটনা স্থলেই তার মৃত্যু হয়।
নিহত সোনিয়া আক্তার পার্শ্ববর্তী হরিপুর উপজেলার ডাঙ্গীপাড়া ইউনিয়নের চৌরঙ্গী এলাকার সোহেল রানার মেয়ে। সোনিয়া আক্তার দীর্ঘদিন ধরে কাউন্সিল মহিলা হাফিজিয়া মাদ্রাসায় আবাসিক শিক্ষার্থী হিসেবে পড়াশোনা করছিলেন। শিশু শিক্ষার্থীর আকস্মিক মৃত্যুতে মাদ্রাসাসহ পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমানুল্লাহ আল বারী জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।



