
মো: জাহিদুল ইসলাম
ডিমলা (নীলফামারী) প্রতিনিধি।
নীলফামারীর ডিমলায় চাচার শ্বশুরবাড়ি বেড়াতে এসে নদীতে ডুবে সাওদা উম্মে হাবিবা (১২) নামে এক স্কুল শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। ১৩ জুলাই সোমবার দুপুরে উপজেলার শৈল্লার ঘাট এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত সাওদা উম্মে হাবিবা ময়মনসিংহের ফুলপুর উপজেলার দেওখালি এলাকার সাইফুদ্দিন ও রুবিনা বেগম দম্পতির মেয়ে। বিষয়টি নিশ্চিত করে ডিমলা সদর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আবু হোসেন বলেন, পরিবারের সঙ্গে ঘুরতে এসে শিশুটি নদীর পানিতে ডুবে মারা গেছে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, দুই দিন আগে রুবিনা বেগম তাঁর দুই মেয়েকে নিয়ে ডিমলা সদর ইউনিয়নের রামডাঙ্গা গ্রামে ছোট দেবরের শ্বশুরবাড়িতে বেড়াতে যান। বড় বোন ও স্বজনদের সঙ্গে শৈল্লার ঘাট এলাকার বুড়িতিস্তা নদীতে গোসল করতে নামে সাওদা। সেখানে নিখোঁজ হওয়ার পর স্বজন ও স্থানীয়রা নদীতে খোঁজাখুঁজি শুরু করেন। পরে নদী থেকে সাওদাকে অচেতন অবস্থায় উদ্ধারের পর সে মারা যায়। এ বিষয়ে ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত আলী সরকার বলেন, এ ঘটনায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা করা হয়েছে এবং লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।


