Monday, September 14, 2026
Monday, September 14, 2026
Homeজাতীয়প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্যোগে এক শহীদ পরিবার ও অগ্নিসংযোগে ক্ষতিগ্রস্ত পাঁচ পরিবার...

প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্যোগে এক শহীদ পরিবার ও অগ্নিসংযোগে ক্ষতিগ্রস্ত পাঁচ পরিবার পেল নতুন বাড়ি।

শহীদ পরিবার এবং জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষে ভোট দেওয়ায় দুর্বৃত্তদের অগ্নিসংযোগে সর্বস্ব হারানো পরিবারের পাশে দাঁড়িয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির চেয়ারম্যান ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান।

বিএনপি চেয়ারম্যানের প্রধান পৃষ্ঠপোষকতায় পরিচালিত মানবিক সংগঠন ‘আমরা বিএনপি পরিবার’-এর মাধ্যমে পুলিশের গুলিতে নিহত ফেনীর জাতীয়তাবাদী যুবদল নেতা শহীদ মো. হারুনুর রশিদের পরিবার এবং কুমিল্লার চৌদ্দগ্রামে অগ্নিসংযোগে ক্ষতিগ্রস্ত পাঁচ পরিবারের হাতে নবনির্মিত বাড়ির চাবি হস্তান্তর করা হয়েছে।

আজ রবিবার (১৩ সেপ্টেম্বর ২০২৬) দুপুরে ফেনী সদর উপজেলার ফরহাদনগর ইউনিয়নের ভোরবাজার এবং কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার বাতিশা ইউনিয়নের সোনাপুর গ্রামে পৃথক কর্মসূচির মাধ্যমে এসব বাড়ির চাবি হস্তান্তর করা হয়। বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষে চাবি হস্তান্তর করেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

এ সময় ফেনীতে উপস্থিত ছিলেন ‘আমরা বিএনপি পরিবার’-এর উপদেষ্টা ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল এমপি, সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুনসহ সংগঠনটির অন্যান্য সদস্য। প্রতিনিধিদলটি শহীদ হারুনের পরিবারের কাছে বাড়ির চাবি হস্তান্তর করে ও আর্থিক সহায়তা দেয় এবং পরে তাঁর কবর জিয়ারত করে।

অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন ফেনী-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক জয়নাল আবেদীন ভিপি, ফেনী-১ আসনের সংসদ সদস্য রফিকুল আলম মজনু, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য রেহানা আক্তার রানু, ফেনী জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহার, সদস্য সচিব আলাল উদ্দিন আলালসহ কেন্দ্রীয়, জেলা ও থানা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

উল্লেখ্য, ২০১৩ সালের ৪ ডিসেম্বর ফেনী শহরে হরতালের সমর্থনে চলা শান্তিপূর্ণ মিছিলে পুলিশের গুলিতে প্রাণ হারান জাতীয়তাবাদী যুবদল নেতা হারুনুর রশিদ। ২০১৭ সালে তাঁর বড় মেয়ের বিয়ের খরচও বহন করেন ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমান।

এদিকে, জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষে ভোট দেওয়াকে কেন্দ্র করে গত ৪ এপ্রিল ২০২৬ সন্ধ্যায় কুমিল্লার চৌদ্দগ্রামের সোনাপুর গ্রামে দুর্বৃত্তদের অগ্নিসংযোগে পাঁচটি পরিবারের বসতঘর সম্পূর্ণ পুড়ে যায়। এতে পরিবারগুলো ঘরবাড়ি ও প্রয়োজনীয় সামগ্রী হারিয়ে চরম অসহায় অবস্থায় পড়ে।

পরে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর দুর্দশার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের দৃষ্টিগোচর হয়। তিনি মানবিক বিবেচনায় পরিবারগুলোর পাশে দাঁড়ানোর নির্দেশ দেন। তাঁর নির্দেশনায় ‘আমরা বিএনপি পরিবার’-এর মাধ্যমে ক্ষতিগ্রস্ত পাঁচ পরিবারের জন্য নতুন বাড়ি নির্মাণ করা হয়।

চৌদ্দগ্রামে বাড়ির চাবি হস্তান্তরকালে উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির সভাপতি, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও ধানের শীষের প্রার্থী মো. কামরুল হুদা, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, সিনিয়র সহসভাপতি আমিরুজ্জামান আমির, কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উৎবাতুল বারী আবু, চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শাহ আলমসহ দলের স্থানীয় নেতৃবৃন্দ।

সম্পর্কিত খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সাম্প্রতিক পোস্ট

সাম্প্রতিক মন্তব্য

%d bloggers like this: